৮ মিনিটেই ১শ’ কোটি
১১ নভেম্বর ‘সিঙ্গলস ডে’ পালন করা হয় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ চীনে। আর এবারের ‘সিঙ্গলস ডে’-তে নতুন রেকর্ড গড়েছে চীনের শীর্ষ ই-কমার্স সাইট আলিবাবা ডটকম। সিঙ্গলস ডে শুরু হওয়ার পর প্রথম ৮ মিনিটেই ১শ’ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে সাইটটি থেকে।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সিঙ্গলস ডে’-তে দিনের অর্ধেক পার হওয়ার আগেই ৯শ’ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে সাইটটি থেকে। ২০১৪ সালের ‘সিঙ্গলস ডে’-তে সারা দিনে ৯শ’ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছিল আলিবাবা থেকে।
অন্যদিকে চীনের বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা ই-কমার্স সাইট জেডি ডটকম ‘সিঙ্গলস ডে’-তে বিক্রি করেছে মোটে ১ কোটি ৪০ লাখ ডলারের পণ্য।
আর্থিক লেনদেনের হিসেবে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিংয়ের দিন হল চীনের ‘সিঙ্গলস ডে’। ‘ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)’-এর দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ‘সিঙ্গলস ডে’-তে এক হাজার চারশ’ কোটি ডলারের বেশি পণ্য বিক্রি হয়েছে অনলাইনে।
৯০-এর দশকের শুরুর দিকে অনেকটা ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন ডে’ হিসেবে চীনে প্রচলন হয়েছিল ‘সিঙ্গলস ডে’-এর।
