নোটবুক, ডেস্কটপকে হটাবে আইপ্যাড প্রো
আইপ্যাড এর নতুন সংস্করণ আইপ্যাড প্রো বাজারজাত করা শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ১২.৯ ইঞ্চি পর্দার এই নতুন আইপ্যাড নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নানা আলোচনা-সমালোচনা।
তবে অ্যাপলের শীর্ষ কর্মকর্তাদের মতে অনেক ব্যবহারকারীর কাছেই নোটবুক আর ডেস্কটপ কম্পিউটারের প্রয়োজন ফুরাবে আইপ্যাড প্রোর বদৌলতে। মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুকের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
বড় পর্দা এবং স্টাইলাস পেনের বিপক্ষে ছিলেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস । নতুন আইপ্যাডে সেই ফিচারগুলোই সংযোজন করা হয়েছে। আইপ্যাড প্রো’র সঙ্গে নতুন অ্যাপল ‘পেন্সিল’ উন্মোচন করা হয় যা ছিল জবসের চক্ষুশুল।
নতুন আইপ্যাড নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেন, “আইপ্যাড প্রো অনেকের জন্যই নোটবুক এবং ডেস্কটপের বিকল্প হিসেবে কাজ করবে।”
কুক আরও বলেন, “মানুষ এখন কেন নোটবুক এবং ডেস্কটপ কিনবে? খুব তাড়াতাড়ি তারা আইপ্যাড প্রো ব্যবহার করা শুরু করবে এবং সেটাতেই তাদের প্রয়োজন মিটবে। এরপর তাদের শুধু প্রয়োজন একটি মোবাইল ফোন।”
সাক্ষাৎকারে কুক অ্যাপল পেন্সিল এবং আইপ্যাড প্রো-এর সাউন্ড সিস্টেমের কথা বিশেষভাবে তুলে ধরেন। আইপ্যাড প্রো চিত্রশিল্পী এবং সৃজনশীল ব্যক্তিদের জন্য বেশি সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
১১ নভেম্বর থেকে বাজারে আইপ্যাড প্রো-এর আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে। ট্যাবলেটটির ৩২ জিবি মডেলটির দাম হবে ৭৯৯ ডলার এবং ১২৮ জিবি ওয়াইফাই মডেলের দাম হবে ৯৪৯ মার্কিন ডলার। ১২৮ জিবি ওয়াইফাই এবং সেলুলার মডেলের দাম হবে ১০৭৯ মার্কিন ডলার।
