হংকংয়ে এমআইটির ‘ইনোভেশন সেন্টার’
হংকংয়ে নতুন ‘ইনোভেশন সেন্টার’ বা উদ্ভাবনী কেন্দ্র খুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। সামনের গ্রীষ্মে শুরু হবে এই প্রকল্পের কার্যক্রম।
এই প্রকল্পে কাজের গতি বাড়াতে আয়োজন করা হবে বিশেষ কর্মশালা--জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। ওই কর্মশালায় এমআইটি আর স্থানীয় শিক্ষার্থী ও উদ্ভাবকরা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসা পরিকল্পনা শক্তিশালী করতে কাজ করবেন।
এমআইটির প্রেসিডেন্ট রাফায়েল রেইফ বলেন, “হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো অনেক উন্নত আর এই শহরে গুরুত্বপূর্ণ ব্যবসায় অভিজ্ঞ লোকেরা আছেন। সেই সঙ্গে শেনজেনে আপনি কিছু উৎপাদন কাঠামোও পাবেন।”
ইতোমধ্যেই চিলি, জাপান, সিঙ্গাপুর- যুক্তরাষ্ট্রের বাইরে এই তিন দেশে এমআইটির তিনটি উদ্ভাবনী কেন্দ্র রয়েছে।
হংকংয়ে উন্নত যন্ত্রপাতি নিয়ে ৫ হাজার বর্গফুটের জায়গা জুড়ে তৈরি এমআইটির ইনোভেশন সেন্টারে উদ্ভাবন আর প্রোটোটাইপিং নিয়ে কাজ করা হবে। হংকংয়ের এমআইটি অ্যালামনাই আর অন্যান্য দাতাদের সহায়তায় এ প্রকল্পের প্রথম তহবিল গঠন করা হবে।
হংকংভিত্তিক প্রতিষ্ঠান ফাং গ্রুপের প্রধান ভিক্টর ফাং, দেশটির অর্থ সচিব জন স্যাং আর টেক্সটাইল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসকুয়েল গ্রুপের প্রধানসহ হংকংয়ে ৭শ’ এমআইটি অ্যালামনাই রয়েছেন।
