২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কিট নির্মাতার ঘরে ডাইসন অ্যাওয়্যার্ড

ডাইসন ইঞ্জিনিয়ারিং অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে ‘ভোল্টেরা ভি-ওয়ান’ হাই স্পিড প্রিন্টার। বিভিন্ন রকমের কালি ব্যবহার করে সার্কিট বোর্ডের ডিজাইনকে কার্য্যক্ষম প্রোটোটাইপ হিসেবে প্রিন্ট করতে পারে এটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:15 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পুরস্কার এটি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের উদ্ভাবন এবং ডিজাইন বিচার করে ‘জেমস ডাইসন অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে ‘জেমস ডাইসন ফাউন্ডেশন’।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রিন্টারটির ডাইসন অ্যাওয়্যার্ড জয়ের মূল কারণই হচ্ছে এর গতি। নতুন হার্ডওয়্যার ডিজাইন প্রক্রিয়ার গতি বাড়ানোর ক্ষেত্রে এর সম্ভাবনার কারণেই পুরস্কার এই প্রিন্টারের ঘরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি।

পুরস্কার হিসেবে ৩০ হাজার পাউন্ড পাবেন প্রিন্টারটির নির্মাতা কানাডার ইউনিভার্সিটির শিক্ষার্থী অফ ওয়াটারলুর শিক্ষার্থী হেসুস জোজোয়া, অ্যালরয় অ্যামিদা, জেমস পিকার্ড এবং ক্যাটারিনা ইলিক। এর আগে ক্রাউডফার্ডিং সাইট কিকস্টার্টারের মাধ্যমে ‘ভোল্টেরা ভি-ওয়ান’-এর জন্য ৫ লাখ মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেন তারা।

এ প্রসঙ্গে অ্যামিদা বলেন, “আমরা যথন প্রথম কাজ শুরু করি তখন অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু সবাই আমাদের বেশি উচ্চাকাঙ্ক্ষী বলেছিল। সবাই বলেছিল কার্য্যকর প্রোটোটাইপ সার্কিট তৈরি করতে পারে এমন টুল একেবারেই অসম্ভব।”

‘ভোল্টেরা ভি-ওয়ান’ বিভিন্ন ধরণের কালি ব্যবহার করে দুই স্তরের সার্কিট বোর্ড প্রিন্ট করে যেখানে একটি কন্ডাক্টর এবং আরেকটি ইনসুলেটর হিসেবে কাজ করে। সার্কিট বোর্ড সোল্ডারও করতে পারে এই প্রিন্টার। ফলে আলাদা আলাদা যন্ত্রাংশ দ্রুত এক সঙ্গে জুড়ে দিয়ে কার্য্যক্ষম হার্ডওয়্যার তৈরি করা যায়।