দুবাইয়ে রিভ অ্যান্টিভাইরাস
দুবাইয়ে অনুষ্ঠিত ‘মেলাজিটেক্স টেকনোলজি উইক’-এর ৩৫তম আসরে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের ডেভেলপারদের তৈরি ‘রিভ অ্যান্টিভাইরাস’। ব্যবহারকারীর তথ্য ও ডিভাইসের নিরাপত্তার লক্ষ্যে নতুন এই সিকিউরিটি টুল বাজারে আনছে বাংলাদেশী বহুজাতিক সফটওয়্যার নির্মাতা রিভ গ্রুপ।
রিভ অ্যান্টিভাইরাস সম্পর্কে রিভ গ্রুপের গ্রুপ সিইও এম. রেজাউল হাসান বলেন, “বর্তমান সময়ের প্রায় সব ইউজারই একাধিক ডিভাইস ব্যবহার করেন। তারা একইসঙ্গে ব্যবহার করছেন পার্সোনাল কম্পিউটার এবং স্মার্টফোন। ইন্টারনেটও ব্যবহার করছেন সব ডিভাইসেই। তাদের প্রয়োজনের কথা বিবেচনা করে রিভ অ্যান্টিভাইরাসের প্রতিটি বেসিক সাবস্ক্রাইবে থাকছে নুন্যতম দুটি করে লাইসেন্স।”
“রিভ অ্যান্টিভাইরাসের মাধ্যমে ব্যবহারকারী তার সব ডিভাইস সার্বক্ষণিক লাইভ মনিটর করতে পারবেন। এর ফলে অভিভাবক বাইরে থাকা অবস্থায় সন্তান অনুপযোগী কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে তা নিয়ন্ত্রণ করতে পারবেন।”—জানিয়েছেন রিভ অ্যান্টিভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই বাংলাদেশেও উন্মুক্ত করা হবে রিভ অ্যান্টিভাইরাস।
একাধিক ডিভাইস ব্যবহারকারীর প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে ডিজাইনকৃত রিভ অ্যান্টিভাইরাসে মোবাইল থেকেই পার্সোনাল কম্পিউটার মনিটর করার সুযোগের পাশাপাশি রয়েছে ইমেইল, অ্যান্টি স্প্যাম সিকিউরিটি। এর মাধ্যমে ফিশিং তথা ম্যালওয়্যার থেকে সুরক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্ক্যানিং-এর জন্য অ্যাডভান্সড রুটকিট টেকনোলোজি এবং রিয়াল টাইম ট্রোজান স্পাইওয়্যারযুক্ত রিভ অ্যান্টিভাইরাসে ব্যবহার করা হয়েছে টার্বো স্ক্যান টেকনোলজি, যা ডিভাইসের গতি না কমিয়ে চেকিংসহ ভাইরাসমুক্ত করতে পারবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
