২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যানসমওয়্যার: মরার উপর খাঁড়ার ঘা

হ্যাকাররা ডিভাইসে ভাইরাস ইনস্টল করে দিয়ে গুরুদ্বপূর্ণ ডেটা ও ফাইল এনক্রিপ্ট করে ফেলে এনক্রিপশন কি এর বদলে যখন ভুক্তভোগীর কাছে মুক্তিপণ চায়, একজন সাধারণ ব্যবহারকারীর ভোগান্তির জন্য তা এমনিতেই যথেষ্ট। তার উপর ভাইরাস লেখার সময় হ্যাকারের ভুল কোডিংয়ের কারণে যদি চির দিনের মতো গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারিয়ে যায় তবে তা যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’ই হয়ে দাঁড়ায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের জগতে দৌরাত্ত্ব বেড়েছে ‘র‌্যানসমওয়্যার’ ভাইরাসের। হ্যাকারদের তৈরি যে ভাইরাস ব্যবহারকারীর ডেটা এনক্রিপ্ট করে ফেলার পর ডিক্রিপ্ট করার জন্য এনক্রিপশন কি-এর বদলে মুক্তিপণ দাবি করে, সেই ভাইরাসগুলোই ‘র‌্যানসমওয়্যার’ নামে বহুল পরিচিত।

আর ব্যবহারকারীদের জন্য এবার নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘পাওয়ার ওয়ার্ম’ নামের একটি র‌্যানসমওয়্যার। বিবিসি জানিয়েছে, পাওয়ার ওয়ার্মের সর্বশেষ আপডেটে ডিক্রিপশন প্রক্রিয়া আরও সহজ করতে গিয়ে কোডিংয়ে কোনো ভুল করে বসেছিল এর নির্মাতা। ফলে এখন মুক্তিপণ দিয়েও রেহাই মিলছে না ভাইরাসটির সংক্রমণের শিকার ব্যবহারকারীদের। উদ্ধার হচ্ছে না ভাইরাসটির এনক্রিপ্ট করা ফাইলগুলো।

সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল ফাইলে সংক্রমণ চালাতো পাওয়ার ওয়ার্ম। তবে এর সর্বশেষ সংস্করণটি কম্পিউটারের আরও বিভিন্ন ধরনের ফাইলের উপর আক্রমণ চালায় বলে জানিয়েছে বিবিসি।

পাওয়ার ওয়ার্ম-এর সর্বশেষ সংস্করণ এবং এর নির্মাতার ভুল কোডিং আবিষ্কার করেছেন ম্যালওয়্যার গবেষক নাথান স্কট। ভাইরাসটির নির্মাতা সর্বশেষ সংস্করণে ডিক্রিপশন প্রক্রিয়া সহজ করতে গিয়ে ভুল করে এনক্রিপশন প্রক্রিয়াই পাল্টে দিয়েছে বলে মনে করছেন তিনি। ফলে এনক্রিপ্ট করা ফাইল খোলার জন্য যে এনক্রিপশন কি তৈরি হচ্ছে কাজে লাগছে না তার একটিও।

পাওয়ার ওয়ার্ম-এর ভুক্তভোগীদের নিজস্ব ফাইল ডিক্রিপ্ট করার জন্য ২ বিটকয়েন বা ৫শ’ পাউন্ড মুক্তিপণ দিতে হত বলে জানিয়েছে বিবিসি। ম্যালওয়্যারটির কোডিং জটিলতার কারণে এখন মুক্তিপণ দিয়েও রেহাই পাচ্ছেন না সাধারণ ব্যবহারকারীরা, হারাতে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল।