বেলজিয়ান আদালতে বিপাকে ফেইসবুক
ফেইসবুকের সদস্য নন এমন বেলজিয়ান নাগরিকদের অনলাইন কর্মকাণ্ডের উপর নজরদারি বন্ধে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটিকে ৪৮ ঘন্টার সময়সীমা বেধে দিয়েছে দেশটির আদালত।
পাঁচ বছর ধরে ব্যবহৃত হচ্ছে এমন একটি কুকি নিয়ে আইনি লড়াইয়ের সূত্রপাত বলে নিশ্চিত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। আদালতের রায়ের বিপরীতে আপিল করার কথা জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ফেইসবুকে নিজের অ্যাকাউন্ট নেই এমন কোনো ইন্টারনেট ব্যবহারকারী কোনো ফেইসবুকে পেইজে ঢুকলেই ওই কুকি ইনস্টল হয়ে যেত বলে জানিয়েছে বিবিসি।
কুকির মাধ্যমে ডেটা সংগ্রহ করার আগে ফেইসবুকের ওই ব্যবহারকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহের অনুমতি নেওয়া উচিত-- মন্তব্য করেছে বেলজিয়ামের আদালত।
ইন্টারনেট ব্যবহারকারী সব বিস্তারিত জেনে অনুমতি দিলেই কেবল ফেইসবুক ওই ব্যক্তির ব্যক্তিগত ডেটা ব্যবহারের এখতিয়ার রাখে বলে উল্লেখ করা হয়েছে ওই মামলার রায়ে।
আদালতের এই রায় মানতে ব্যর্থ হলে দৈনিক আড়াই লাখ ইউরো জরিমানা গুনতে হবে ফেইসবুককে। আর জরিমানার পুরো অর্থই জমা হবে ‘বেলজিয়ান প্রাইভেসি কমিশন’-এর তহবিলে।
অন্যদিকে এই ইসু নিয়ে এক ফেইসবুক মুখপাত্র বলেন, “বিশ্বর বিভিন্ন প্রান্তের দেড়শ’ কোটি ব্যবহারকারীকে নিরাপদ রাখতে আমরা পাঁচ বছরের বেশি সময় ধরে ওই কুকি ব্যবহার করছি। এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো এবং বেলজিয়ান নাগরিকদের ফেইসবুক অ্যাক্সেসের ক্ষেত্রে সৃষ্ট যে কোনো প্রতিবন্ধকতা সমাধান করতে কাজ করছি আমরা।
