২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগ প্রতিকারে গুগলের চেষ্টা

এবার হৃদরোগ নিয়ে কাজ করতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল। হৃদরোগের ঝুঁকি এড়ানোর উপায় বের করতে অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে ৫ কোটি ডলারের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটির গবেষকদল ‘গুগল লাইফ সায়েন্সেস’।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ৫ বছরে আড়াই কোটি ডলার দিচ্ছে হার্ট অ্যাসোসিয়েশন। এটিই গবেষণা খাতে সংস্থাটির এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। আর এ প্রকল্প ছাড়াও ডায়াবেটিক রোগীদের ব্লাডসুগার পর্যবেক্ষণে কন্টাক্ট লেন্স ও হেলথ-ট্র্যাকিং রিস্টব্যান্ডের মতো বায়োমেডিক্যাল প্রকল্পে যুক্ত আছে গুগলের গবেষক দলটি।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত হওয়া হার্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।

হৃদরোগকে বিশ্বের সবচেয়ে ‘শীর্ষ খুনি’ হিসেবে উল্লেখ করে এ নিয়ে খুব ধীর অগ্রগতি হচ্ছে বলে জানান গুগল লাইফ সায়েন্সের প্রধান অ্যান্ডি কনরাড।

শুধু অর্থই নয়, গবেষণার প্রয়োজনে জন্য স্বাস্থ্য পর্যবেক্ষণে সক্ষম সেন্সরের মতো প্রযুক্তি পণ্য সরবরাহ করছে গুগল। এই গবেষণায় সাফল্যের কোনো নিশ্চয়তা না থাকলেও নিরাময় আবিষ্কারে যথাসাধ্য চেষ্টা করার প্রতিজ্ঞার কথা জানিয়েছেন কনরাড।

২০১৬ সালের ভ্যালেন্টাইসন’স ডে কে ‘বড় হৃদয়ের দিন’ হিসেবে উল্লেখ করেন তিনি। এ দিনের মধ্যে গুগল আর হার্ট অ্যাসোসিয়েশনের একটি দল একজন প্রকল্প পরিচালক বেছে নেবে। এ পরিচালক কে হবেন তা তার দক্ষতার উপর নির্ভর করবে। তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, নার্স বা একটি কিশোরও হতে পারেন। সবকিছুই নির্ভর করছে পুরো প্রকল্পের জন্য নতুন কী নিয়ে আসতে পারবেন ওই ব্যক্তি, তার উপর।

অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সদস্য ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের চেয়ারম্যান ড. রবার্ট হ্যারিংটন বলেন, “আমরা যুগান্তকারী কিছু করার চেষ্টা করছি।”