আইসিটি বিভাগ, রবি ও হুয়াওয়েই জোট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নারীদের দীর্ঘমেয়াদী উন্নয়নে একটি সম্মিলিত পদক্ষেপ হাতে নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ, মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়েই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ০৮ নভেম্বর রাজধানীতে আইসিটি বিভাগে উল্লিখিত বিষয়ে সমঝোতা চুক্তি সই করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হুয়াওয়েই।
বিভিন্ন আর্থসামাজিক সীমাবদ্ধতার কারণে যেসব নারী নিজ এলাকার বাইরে যেতে পারেন না তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশে ছয়টি বাসে প্রয়োজনীয় প্রযুক্তি স্থাপন করা হবে। আইসিটি বিভাগ, রবি ও হুয়াওয়েই প্রত্যেকটি প্রতিষ্ঠান দুটি করে বাস দেবে। আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাস দুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রবি ও হুয়াওয়েই। ২০১৬ সালের মধ্যে কাজ শুরু হওয়ার পর প্রাথমিক অবস্থায় প্রকল্পটির মেয়াদ হবে তিন বছর।
প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলার ২ লাখ ৪০ হাজার নারীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের আইসিটি প্রযুক্তির প্রতি আকৃষ্ট করতে প্রকল্পটির আওতায় প্রান্তিক এলাকায় রোড শো’র আয়োজন করা হবে।
বিশেষ এই বাসগুলোতে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে, বাইরের শব্দ প্রবেশ করতে পারবেনা এবং প্রতিটিতে একসঙ্গে ২৫ জন প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য একটি ল্যাপটপ, এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম, ওয়াইফাই ইন্টারনেট, নির্দিষ্ট প্রশিক্ষণ সামগ্রী, প্রশিক্ষণ সফটওয়্যার ও সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা থাকবে। আইসিটি বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণ সামগ্রী ও প্রশিক্ষকের ব্যবস্থা করা হবে এবং বিনামূল্যে প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হবে।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হুয়াওয়েই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাও হাওফু বলেন, “এই সিএসআর প্রকল্পের সহযোগী হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা মনে করি বাংলাদেশের আইসিটি ক্ষেত্রের উন্নয়নে এই পদক্ষেপটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে, কেননা এই প্রকল্পটি তৈরী করা হয়েছে সেই নারীদের জন্য যারা আর্থ-সামাজিক কারণে তাদের স্থানীয় এলাকার বাইরে যেতে পারেন না”।
রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, হুয়াওয়েই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ঝাও হাওফু ও আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুর কাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
