২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে ডেটা বাঁচাবে ‘ওপেরা ম্যাক্স’

১৪টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের ফোনে প্রি-ইনস্টলড অ্যাপ হিসেবে থাকবে নরওয়েইজিয়ান অ্যাপ নির্মাতা ওপেরার তৈরি ‘ওপেরা ম্যাক্স’ অ্যাপ। ব্যবহারকারীর ডেটা খরচ ৬০ শতাংশ পর্যন্ত কমাতে পারবে ওই অ্যাপটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:43 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, শুধু ওয়েব ব্রাউজারের গণ্ডির মধ্যে আটকে থাকতে চাইছে না ওপেরা। ১৪টি স্মার্টফোনটি নির্মাতার সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন চুক্তিকে বিবেচনা করা হচ্ছে ওপেরার ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসা প্রসারণের ঘটনা হিসেবে।

‘ওপেরা ম্যাক্স’ নিয়ে ওপেরার সঙ্গে চুক্তি করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে বাজারের শীর্ষস্থানীয় দুই নির্মাতা স্যামসাং ও শিয়াওমি। ২০১৭ সালের মধ্যে বিশ্বব্যাপী ১০ কোটি স্মার্টফোনে প্রি-ইনস্টলড অ্যাপ হিসেবে ‘ওপেরা ম্যাক্স’ থাকবে বলে আশা করছে ওপেরা।

স্যামসাং ও শিয়াওমি ছাড়াও ওপেরার সঙ্গে নতুন চুক্তিতে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে এসার এবং হাইসেন্সের মতো একাধিক এশিয়াভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান।

ওপেরার দাবি যে কোনো অ্যাপের ডেটা খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারবে ‘ওপেরা ম্যাক্স’। আর ইউটিউব আর নেটফ্লিক্সের মতো অ্যাপের ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি না কমিয়েই সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ডেটা খরচ কমাতে পারবে অ্যাপটি।

এই প্রসঙ্গে ওপেরা ম্যাক্সের প্রোডাক্ট ম্যানেজার সের্গেই লোসেভ বলেন, “অনেক ব্যবহারকারীই বেশি ডেচা খরচের আশঙ্কায় থাকেন। অনেক নির্মাতা প্রতিষ্ঠানকেও এখন এই ইসু নিয়ে কাজ করতে দেখছি আমরা। একটি ‘ডেটা অপটিমাইজিং সলিউশন’ দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারের এই বাধা কমিয়ে আনতে চাইছি আমরা।”