ক্যালিফোর্নিয়ার আকাশে ‘ইউএফও’!
শনিবার রাতে আকাশে বিদ্যুৎ চমকের মতো আলো দেখে ভড়কে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনাবাসীরা। আলোর উৎস ‘ইউএফও’ বলে ধরে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু করে দিয়েছিলেন অনেকেই। পরবর্তীতে পেন্টাগন থেকে জানানো হয়, আলোর উৎস ছিল মার্কিন নেভি মিসাইলের টেস্ট ফ্লাইট।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, পেন্টাগনের তথ্য অনুযায়ী, দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করা হয়।
এ প্রসঙ্গে পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, একটি ইউএস নেভি স্ট্র্যাটেজিক সিস্টেমস প্রোগ্রামস ট্রাইডেন্ট টু (ডি৫) মিসাইল পরীক্ষামূলকভাবে সেদিন রাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ইউএসএস কেনটাকি থেকে প্যাসিফিক টেস্ট রেঞ্জে নিক্ষেপ করা হয়।
অন্যদিকে যারা বিষয়টিকে ইউএফও বলে ধরে নিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই টুইটার ও ফেইসবুকের মতো সামাজিক যোগযোগ প্ল্যাটফর্মগুলোতে ওই আলোর ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। তবে আলো সৃষ্টিকারী জিনিসটি আদতে ইউএফও নাকি উল্কাপিণ্ড তা নিযে তারা সংশয়ে ছিলেন বলেই জানিযেছে রয়টার্স।
মুখপাত্র কমান্ডার রায়ান পেরি জানিয়েছেন, বিষয়টি আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। এটি তাদের একটি চলমান প্রক্রিয়া। এসব বিষয়ে গোপনীয়তা অবলম্বন করা হয় বলেই বিষয়টি সম্পর্কে জনসাধারণকে আগাম জানানো হয়নি বলেও জানান তিনি।
