শিয়াওমির নতুন ওয়্যারএবল
নিজেদের তৈরি দ্বিতীয় ‘ওয়্যারএবল হেলথ ট্র্যাকার’ ডিভাইস ‘মি ব্যান্ড পালস’-এর ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি। বছরের শুরু থেকেই শিয়াওমির নতুন ওয়্যারএবল ডিভাইস নিয়ে শোনা যাচ্ছিল নানা গুজব। গুজবের অনেক তথ্যই সত্যি প্রমাণিত হল ‘মি ব্যান্ড পালস’-এর ক্ষেত্রে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেতাদের জন্য ‘মি ব্যান্ড পালস’-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হিসেবে বিবেচনা করা যেতে পারে এর দাম। মাত্র ১৫ ডলার দামে বিক্রি হবে ডিভাইসটি।
আগ্রহী ক্রেতাদের জন্য দুঃসংবাদ হচ্ছে শুরুতে ‘সিঙ্গলস ডে’ উপলক্ষ্যে কেবল চীনের বাজারেই বাজারহাত করা হবে ডিভাইসটি। বিশ্ববাজারে এর অভিষেক হবে আরও পরে।
বলে রাখা ভালো নিজেদের প্রথম ওয়্যারএবল ডিভাইস ‘মি ব্যান্ড’ দিয়েই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওয়্যারএবল হেলথ ট্র্যাকার হিসেবে নিজেদের অবস্থান গড়ে নিয়েছিল শিয়াওমি। বাজারে কেবল ফিটবিটই এগিয়ে ছিল শিয়াওমির থেকে। যদিও অ্যাপল ওয়াচের অভিষেকের পর আমূল পরিবর্তন এসেছে সেই দৃশ্যপটে।
মি ব্যান্ডের নতুন সংষ্করণটির বদৌলতে ওয়্যারএবল ডিভাইসের বাজার বড় কোনো পরিবর্তন আসবে কি না, সে প্রশ্নের উত্তর দেওয়া হয়তো এখনই সম্ভব নয়। তবে ‘মি ব্যান্ড পালস’-এ আগের সংস্করণটি তুলনায় নতুন অনেক কিছুই যোগ হয়েছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
নোটিফিকেশন দেখানো, অ্যালার্ম বাজানো, হাঁটা আর ঘুমের পরিমাণ পরিমাপ করা ছাড়াও ব্যবহারকারীর হৃদপিণ্ডের উপর নজর রাখবে ‘মি ব্যান্ড পালস’-এর হার্ট রেট সেন্সর।
আর অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের পরবর্তী স্ংস্করণ এবং আইওএস ৭.০ থেকে শুরু করে পরবর্তী সবগুলো আইওএসের সঙ্গেই ব্যবহার করা যাবে এটি।
