এল নিনটেনডোর ‘ইও-কাই ওয়াচ’
আমেরিকার বাজারে অভিষেক হল জাপানি ভিডিও গেইম নির্মাতা নিনটেনডোর তৈরি জনপ্রিয় ভিডিও গেইম ‘ইও-কাই ওয়াচ’। উত্তর আমেরিকার বাজারে অভিষেকের আগেই গেইম ফ্র্যাঞ্চাইজটির ২শ’ কোটি মার্কিন ডলারের বিভিন্ন পণ্য বিক্রি হয়েছে জাপানের বাজারে।
এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘ইও-কাই ওয়াচ’-এর মূল লক্ষ্যই বিভিন্ন ভৌতিক প্রাণীকে শিকার করা। গেইমটি জাপানের বাজারে এতটাই জনপ্রিয় যে, খেলনা আর অ্যাক্সেসরিজ ছাড়াও আলাদা টিভি শো এমনকি সিনেমাও তৈরি হয়েছে গেইমটি নিয়ে।
বলা হচ্ছে, জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজ ‘পোকিমন’-এর সঙ্গে অনেক দিক থেকেই মিল আছে গেইমটির। প্রায় দুই দশক আগে ‘পোকিমন’ দিয়ে রীতিমতো এক ‘ভিডিও গেইম বিপ্লব’ শুরু করেছিল নিনটেনডো। গেইম নির্মাতা প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজের একটি এই ‘পোকিমন’। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজটির মাধ্যমে ৮শ’কোটি ডলারের পণ্য বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
‘ইও-কাই ওয়াচ’ এবং এর সিকুয়েল মিলিয়ে জাপানের বাজারে গেইমটির ৮০ লাখ কপি বিক্রি করেছে নিনটেনডো। নিজস্ব ‘থ্রিডিএস’ গেইমিং মেশিনের বদৌলতে গেইমটি আরও সহজে গেইমারদেরে কাছে পৌঁছাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে স্মার্টফোনের দৌরাত্বে কারণে বাজার হারাচ্ছে থ্রিডিএস। ক্রেতারা ক্রমশ স্মার্টফোন গেইমিংয়ের দিকে ঝুঁকছেন, আর হ্রাস পাচ্ছে গেইমিং মেশিনটির বিক্রির হার।
অন্যদিকে স্মার্টফোনের জন্য গেইম নির্মাণের ঘোষণা দিয়ে একরকম পিছপা হয়েছে নিনটেনডো। চলতি বছরেই প্রতিষ্ঠানটির প্রথম স্মার্টফোন গেইম বাজারে আসার কথা থাকলেও ২০১৬ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে গেইমটির উন্মোচন। এটি আদৌ কোনো ভিডিও গেইম নাকি একটি সোশাল মিডিয়া অ্যাপ, আছে সেই প্রশ্ন তোলার সুযোগও।
