কেমন হতে পারে পরের আইফোন?
মাত্রই বাজারে এসেছে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৬এস এবং ৬এস প্লাস। এরই মধ্যে নতুন আইফোন নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী বছরই আইফোনের নতুন সংস্করণ আইফোন ৭, আইফোন ৭ প্লাস আনতে পারে প্রতিষ্ঠানটি।
আইফোন ৭, আইফোন ৭ প্লাস এর পাশাপাশি আইফোন এর একটি ছোট সংস্করণ আইফোন ৭ মিনি ও বের করতে পারে অ্যাপল। ৪.৭ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি পর্দার বড় আকারের ফোন ব্যবহারে যাদের সমস্যা হয় মূলত তাদের কথা ভেবেই আইফোন ৭ মিনি বানাতে যাচ্ছে অ্যাপল। আইফোন ৭ মিনির পর্দার মাপ ৪ ইঞ্চি হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ২০১৬ সালেই এটি বাজারে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৩ সালে বাজারে আসে ৪ ইঞ্চি পর্দার আইফোন ৫এস। আইফোন ৬ এবং ৬ এস এর সঙ্গে ৫এস এখনো বিক্রি চালিয়ে যাচ্ছে অ্যাপল। তাই ৪ ইঞ্চি পর্দার নতুন আইফোন ৭ মিনি আসলে সেটি ৫এস এর জায়গা দখল করবে।
ম্যাক রিউমারের এক প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোনগুলোর মতই ৩ ডি টাচ থাকছে আইফোন ৭ মিনিতে। এছাড়াও আইওএস এর সর্বশেষ সংস্করণ যাতে বাধাহীনভাবে চলতে পারে সেইজন্য অ্যাপলের নতুন এ৯ চিপ থাকছে এতে।
২০১৩ তে প্লাস্টিকের তৈরি কেসিংয়ে আইফোন ৫সি বাজারে আনে অ্যাপল। সস্তা এই আইফোনটি গ্রাহকের তেমন মন কাড়তে পারেনি। তবে নতুন এই আইফোন জনপ্রিয় হবে, এমনটাই ধারণা বাজার বিশ্লেষকদের।
