২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউব অ্যাপে ভিআর ভিডিও

অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন দুটি ফিচার চালু করা ঘোষণা দিয়েছে ইউটিউব। এখন ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ভিডিও সাপোর্ট করবে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপ। বলা হচ্ছে ভিআর প্রযুক্তির জন্য এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় প্লাটফর্ম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 05:40 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ভিআর প্রযুক্তি যে কোনো ৩৬০ ডিগ্রি ভিডিও-তে বাস্তবতার ছোঁয়া আনবে বলে দাবি করেছে ইউটিউব।

ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে ভিআর ভিডিও দেখার জন্য ভিডিও উইন্ডোতে ক্লিক করে ভিআর মোড সিলেক্ট করতে হবে ব্যবহারকারীকে। এরপর স্মার্টফোনটিকে জুড়ে দিতে হবে অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর ‘কার্ডবোর্ড’ ডিভাইসের সঙ্গে।

‘কার্ডবোর্ড’ ব্যবহার করে দেখা যাবে, নির্মাতারা এমন ভিআর ভিডিওগুলো সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন। এখন পর্যন্ত সাইটটিতে ১২টি ভিআর ভিডিও যোগ হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

ইউটিউবের এই পদক্ষেপ মোটেই বিস্ময়কর নয় বলে জানিয়েছেন ভিআর বিষয়ক সংস্থা ‘ইমার্সিভ টেকনোলজি অ্যালায়েন্স’-এর পরিচালক নিল স্নাইডার। ২০০৯ সালেই থ্রিডি ভিডিও সার্পোর্ট করার ফিচার চালু করেছিল ইউটিউব। এইচডি ভিডিও ফরম্যাট গ্রহন করার ক্ষেত্রেও অগ্রগামী ছিল ভিডিও শেয়ারিং সাইটটি।

ইউটিউবে খুব দ্রুত ভিআর কনটেন্টের সংখ্যা বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। তবে ভিআর ভিডিও নির্মাণের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার বেশ ব্যয়বহুল হওয়ায় আনাড়ি নির্মাতাদের তৈরি ভিডিও খুব কমই থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।