২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিঙ্গলস ডে’ নিয়ে মুখোমুখী দুই জায়ান্ট

১১ নভেম্বরকে চীনের অনলাইনভিত্তিক বিক্রেতাদের জন্য বিবেচনা করা যেতে পারে ‘বড় দিন’ হিসেবে। কোনো সম্পর্কে নেই, একা আছেন এমন ক্রেতারাও দিনটি পালন করেন নিজেদের জন্য নানা উপহার কিনে। আর এবারের ‘সিঙ্গলস ডে’ নিয়ে মুখোমুখী অবস্থানে চীনের রিটেইল জায়ান্ট হিসেবে পরিচিত দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আলিবাবা ও জেডি ডটকম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠান হিসেবে আলিবাবার তুলনায় ছোট জেডি ডটকম। এবারের ‘সিঙ্গলস ডে’ সামনে রেখে আলিবাবা নিজস্ব অনলাইন বিক্রয় কেন্দ্র ‘টিমল’-এর মাধ্যমে পণ্য বিক্রি করতে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রি করতে চাপ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে জেডি।

চীনের শিল্প ও বাণিজ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগও তুলেছে জেডি ডটকম। তবে জেডির অভিযোগ যেন আমলেই নিচ্ছে না আলিবাবা। জেডি প্রতিযোগিতায় টিকতে না পেরে এই অভিযোগ তুলেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

“ওরা আসলে ক্রেতা ও বিক্রেতা অভিজ্ঞতা আর আনুসাঙ্গিক সমর্থনের দিক দিয়ে একেবারেই পেরে উঠছে না। আলিবাবা নিজস্ব প্লাটফর্মে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করে ব্যবহারকারীদের মন জিতে নেয়।”—মন্তব্য করেছেন আলিবাবার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাফেয়ার্স জিম উইলকিনসন।

অন্যদিকে ব্যবসাবাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সিঙ্গলস ডে’ নিয়ে জেডি ডটকমের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনলাইন খুচরা বিক্রেতারা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

জেডি ডটকমের অভিযোগ আমলে নিয়ে অনলাইন খুচরা বিক্রেতাদের কোনো অনৈতিক বাজারজাতকরণ কৌশল অবলম্বন না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে চীনের শিল্প ও বাণিজ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

ভ্যালেন্টাইন’স ডে-এর বিপরীত হিসেবে চীনে ‘সিঙ্গলস ডে’-এর প্রচলন ৯০ এর দশকের গোড়ার দিকে। ২০০৯ সাল থেকে দিনটি পালন করা শুরু করে আলিবাবা। ২০১৪ সালের ‘সিঙ্গলস ডে’-তে প্রায় ৯৩০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি হয়েছিল আলিবাবার মাধ্যমে।