এআই খাতে টয়োটার শত কোটি ডলার
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধমত্তা নিয়ে গবেষণার জন্য নতুন একটি প্রতিষ্ঠান ‘টয়োটা রিসার্চ ইনস্টিটিউট’ চালু করছে জাপানি অটোমোবাইল নির্মাতা টয়োটা। এই খাতে প্রতিষ্ঠানটি শুরুই করছে একশ’ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ দিয়ে।
এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২শ’ কর্মী নিয়ে সিলিকন ভ্যালিতে টয়োটার মালিকানাধীন নতুন প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছেন টয়োটা মোটোর কর্পোরেশন-এর প্রেসিডেন্ট আকিও তোয়োদা।
পাঁচ বছর ধরে এআই গবেষণার জন্য তৈরি প্রতিষ্ঠানটিতে একশ’ কোটি ডলার বিনিয়োগ করবে টয়োটা। এর অগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এআই গবেষণার জন্য ৫ কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করার ঘোষণা দিয়েছিল জাপানি এই গাড়ি নির্মাতা।
শুধু চালকবিহীন গাড়ির বাজার ধরার জন্যই এআই খাতে আঁট-ঘাট বেঁধে নামছে না টয়োটা। ভবিষ্যতে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ ও নিরাপদ লাইস্টাইল তৈরির লক্ষ্য প্রতিষ্ঠানটির।
এর আগে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং শারিরিক প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য রোবট বানিয়েছিল টয়োটা। বিনোদনমূলক কাজকর্মের জন্যেও ‘হিউম্যানয়েড রোবট’ বানিয়েছিল প্রতিষ্ঠানটি।
‘টয়োটা রিসার্চ ইনস্টিটিউট’-এর কাণ্ডারীর ভূমিকায় থাকবেন রোবটিক্স বিশেষজ্ঞ গিল প্র্যাট। মার্কিন সেনাবাহিনীর ‘ডিফেন্স অ্যাডভার্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি (ডার্পা)’-এর সাবেক কর্মকর্তা তিনি।
টয়োটা এআই প্রযুক্তি নিয়ে স্ট্যানফোর্ড এবং এমআইটিতে বিনিয়োগ করার সময় প্রতিষ্ঠানটিতে পরামর্শদাতা হিসেবে যোগ দেন প্রাট। বয়োজ্যেষ্ঠদের নিজের ঘড়েই রোবটিক্সের মাধ্যমে সহযোগিতা করা এবং শারীরিক অবস্থা যাই হোক না কেন, সবার জন্য নিরাপদে গাড়ি চালানোর প্রযুক্তি উদ্ভবনই নতুন প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি।
