২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শাকিরার গেইম ‘লাভ রকস’

মোবাইল গেইম ‘কিম কার্দাশিয়ান: হলিউড’ –এর পর এখন অ্যাপ স্টোর কাঁপাচ্ছে পপ শিল্পী শাকিরার মোবাইল গেইম ‘লাভ রকস’। গেইমটি তৈরিতে শাকিরাকে সহযোগিতা করেছে অ্যাংরি বার্ড ডেভলপার রোভিও এন্টারটেইনমেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 11:35 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, স্মার্টফোন এবং ট্যাবলেটের জন্য রোভিও এন্টারটেইনমেন্ট এবং শাকিরা যৌথভাবে লাভ রকস গেইমটি অক্টোবরে লঞ্চ করেছিলেন।

লাভ রকস গেইমটি অনেকটাই ক্যান্ডি-ক্রাশ সাগা ধরনের। ইন-অ্যাপ পারচেসের মাধ্যমে আগ্রহী গেইমারদের জন্য লাভ রকসে পাওয়ার-আপস কেনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

গেইমটি প্রসঙ্গে রোভিও’র মার্কেটিং প্রধান পিটার ভেস্টারবাকা জানিয়েছেন, লাভ রকস আসলেই যৌথ উদ্যোগে তৈরি একটি গেইম, আর দশটা নিবন্ধন চুক্তির মতো করে তৈরি করা হয়নি। গেইমের ডিজাইন, ডিটেইল থেকে শুরু করে মিউজিক পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রেই শাকিরা সরাসরি যুক্ত ছিলেন।

গার্ডিয়ান জানিয়েছে, ধীরে ধীরে ফ্যাশন, মার্চেন্ডাইজ এবং অন্যান্য সেবা যোগ করে লাভ রকসকে আরও বড় ব্র্যান্ডে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের। এ প্রসঙ্গে ভেস্টারবাকা বলেছেন, আমরা অ্যংরি বার্ডের মডেল লাভ রকসে প্রয়োগ করে, বৈশ্বিক একটি ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে চাচ্ছি।”

লাভ রকসের মাধ্যমে নতুন পন্থায় শাকিরার গান সংগ্রহ করা সম্ভব হবে বলেই জানিয়েছে গার্ডিয়ান। লেভেল ১২ তে পৌঁছালেই অ্যান্ড্রয়েড সংস্করণের গেইমাররা বিনামূল্যে একটি কোড পাবেন, যেটি দিয়ে শাকিরার ২০০৯ সালের অ্যারবাম ‘শি উল্ফ’ ডাউনলোড করা সম্ভব হবে। পরবর্তীতে লেভেল ৮২তে পৌঁছালে আবার এরকম সুযোগ দেওয়া হবে।

গেইমটি প্রসঙ্গে শাকিরা বলেছেন, “আমার ধারণা বিগত ২০ বছরে শিল্প এবং প্রযুক্তির মধ্যে যে যোগাযোগটি ছিল, তা অনেকটাই ফিকে হয়ে এসেছে। একসঙ্গে বিশ্বকে মোকাবেলার বদলে দুটি ক্ষেত্রই আলাদাভাবে একে অপরের বিষয়ে মন্তব্য করে চলেছে।”

বর্তমানে বিশ্বের দশটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, স্পেইন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং অস্ট্রেলিয়াতে গেইমটির অ্যান্ড্রয়েড সংস্করণ পাওয়া যাচ্ছে।