২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক যা লিখতে দেবে না!

ফেইসবুক বা ইনস্টাগ্রামে Tsu.co লেখার চেষ্টা করে দেখতে পারেন পাঠক, নিজের টাইমলাইনে তো নয়ই এমনকি প্রাইভেট মেসেজেও সোশাল মিডিয়া সাইটটির নাম লিখতে দেবে না ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, Tsu.co এর বিরুদ্ধে ফেইসবুকের অভিযোগ স্প্যাম ছড়ায় সাইটটি। আর ফেইসবুকের বিপরীতে Tsu.co –এর অভিযোগ প্রতিদ্বন্দ্বী হিসেবে অনৈতিক আচরণ করছে ফেইসবুক কর্তৃপক্ষ।

শুধু ইনস্টাগ্রাম নয়, ফেইসবুকের মালিকানাধীন কোনো প্লাটফর্মেই নেওয়া যাবে না সাইটটির নাম। Tsu.co উল্লেখ করায় এর মধ্যে ফেইসবুক থেকে ১০ লাখেরও বেশি পোস্ট ডিলিট করে দিয়েছে সাইটটির কর্তৃপক্ষ।

“আপনি সব ধরনের উদ্ভট সাইটের নাম লিখতে পারবেন ফেইসবুকে। সাইটগুলোতে যেতেও পারবেন। কেবল আমাদের বেলাতেই না।”—এই মন্তব্য করেছেন Tsu.co প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান সোবজাক।

ফেইসবুকের তুলনায় নেহাতই ছোট সামাজিক যোগাযোগরে সাইট Tsu.co । বিজ্ঞাপন থেকে পাওয়া আয় ব্যবহারকারীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সাইটটি। 

সাইটটির কর্তৃপক্ষের দাবি বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের ১০ শতাংশ নিজেদের কাছে রাখবে প্রতিষ্ঠানটি। ৪৫ শতাংশ দেওয়া হবে ব্যবহারকারীদের। আর যে বন্ধুরা আপনাকে সাইটটিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে আয়ের বাকি অংশ। 

আর সাইটটিতে নতুন বন্ধুদের আনার মাধ্যমে আয় করতে ফেইসবুক ব্যবহারকারীদের অনেকেই একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলছেন। ফেইসবুকে Tsu.co লিংক দিয়ে ‘ফ্লাড’ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে সিএনএন।

আর এই পরিস্থিতি মোবাকেলা করতেই ফেইসবুক আক্ষরিক অর্থেই নিষিদ্ধ করেছে Tsu.co । ২৫ সেপ্টেম্বর থেকে সাইটটির বিরুদ্ধে তৎপর হয়েছে বিশ্বের শীর্ষ সোশাল মিডিয়া সাইটটি।