২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে আসছে ‘মিউজিক স্টোরিস’

‘মিউজিক স্টোরিস’ নামের নতুন ফিচার চালু করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক। বলা হচ্ছে শ্রোতারা এর মাধ্যমে নতুন নতুন গান আবিষ্কার করতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 12:18 AM

Updated : 22 Aug 2022, 01:48 PM

এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানিয়েছে, ‘মিউজিক স্টোরিস’ ফিচারে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক ইন্টিগ্রেশন সেবা থাকবে। যার ফলে সরাসরি ফেইসবুকেই বন্ধুদের শেয়ার করা গান এবং অ্যালবামের ৩০ সেকেন্ডের ‘প্রিভিউ’ শুনতে পারবেন অন্যরা।

ফেইসবুক জানিয়েছে, ‘প্রিভিউ’-এর সময় শেয়ার করার জন্য যে মিউজিট স্ট্রিমিং সেবার লিংক ব্যবহার করা হয়েছে, তাদের সেবা থেকেই ফেইসবুকে স্ট্রিমিং করা হবে এবং শোনার পর সরাসরি ওই সেবার গানগুলো কিনতেও পারবেন ব্যবহারকারী।

ভবিষ্যতে আরও মিউজিক স্ট্রিমিং সেবা এই ফিচারে যোগ করা হবে বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। “আমরা ফেইসবুকের সঙ্গে মিউজিক স্টোরিস নিয়ে কাজ করতে পেরে এবং শ্রোতাদের আরও সহজে নতুন গান আবিষ্কার ও শেয়ার করার সুযোগ করে দিতে পেরে খুবই খুশি।”—মন্তব্য করেছেন স্পটিফাইয়ে হেড অফ গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ইয়রহে এসপিনেল।

আপাতত ফেইসবুকের আইওএস অ্যাপ ব্যবহারকারীরাই পাবেন এই সেবা। পরবর্তীতে অন্যান্য প্লাটফর্মের জন্যেও ফেইসবুক এই সেবা চালু করবে বলে আশা করা হচ্ছে। 

বলা হচ্ছে ফেইসবুকের নতুন এই ফিচারের মাধ্যমে বিভিন্ন ব্যান্ড ও আর্টিস্টরা নিজেদের গান আরও বড় পরিসরে বাজারজাত করার সুযোগ পাবেন।