২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে দুর্দশায় কোয়ালকম

চীনে ব্যবসা করতে বেগ পেতে হচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমকে। প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের সম্ভাব্য লাভের হিসাব ছুঁতে পারেনি বিশ্লেষকদের অনুমান করা অংক। চীনা আর তাইওয়ানভিত্তিক প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর কারণেই এ অবস্থায় কোয়ালকম, একারণে চীনে লাইসেন্স নবায়নেও দেরি করছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 12:16 AM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বুধবার প্রতিষ্ঠানটির শেয়ার ৬ শতাংশ পড়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

দুই বড় চীনা গ্রাহকের সঙ্গে চুক্তি অপেক্ষিত সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ মোলেনকফ। কিছু চীনা গ্রাহক ‘অযৌক্তিক প্রতিসংহার’ করছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডেরেক অ্যাবেরলে।

নতুন চুক্তিগুলো হয়ে গেলেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলে আশা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমন প্রতিদ্বন্দীতার মুখে কর্মচারী ছাটাই আর অন্যান্য খরচ কমাতে পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে কোয়ালকম। তবে, বুধবার প্রতিষ্ঠানটি জানায় চলতি বছর শেষ প্রান্তিকে তাদের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন মোবাইল চিপ আশার চেয়ে ভালো ফল দিয়েছে।

কোয়ালকমের অনেক বড় গ্রাহক ছিল স্যামসাং। কিন্তু স্যামসাং যখন তাদের গ্যালাক্সি এস৬- এর জন্য নিজস্ব প্রসেসর ব্যবহারের সিদ্ধান্ত নিল, তার পর থেকেই দুর্দশায় পড়ে প্রতিষ্ঠানটি। তবে, প্রতিষ্ঠানটির জন্য আশার কথা হচ্ছে স্যামসাং যুক্তরাষ্ট্র ও চীনা বাজারের জন্য তাদের গ্যালাক্সি এস৭-এ স্ন্যাপড্রাগন ৮২০ চিপ ব্যবহার করতে পারে বলে গত মাসে সংবাদমাধ্যমগুলো জানায়।

চলতি প্রান্তিকে প্রতি শেয়ারে ৮০-৯০ সেন্ট লাভের আশা করছে কোয়ালকম, যদিও তা ১ ডলার ৮ সেন্ট হবে বলে আশা করেছিলেন বিশ্লেষকরা। প্রতিষ্ঠানটির রেভিনিউ ১৮ দশমিক ৫ শতাংশ কমে ৫শ’ ৪১ কোটি ডলারে এসে দাড়িঁয়েছে।

শেষ খবর অনুযায়ী কোয়ালকমের প্রতি শেয়ারের দাম ছিল ৫৬.৭৮ ডলার।