গোপ্রোর বিরুদ্ধে মামলা
আলোচিত অ্যাকশণ ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রোর বিরুদ্ধে পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করে বসেছে পোলারয়েড ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ মার্কেটিং।
বিবিসি জানিয়েছে, গোপ্রো এবং সিঅ্যান্ডএ মার্কেটিং, উভয় প্রতিষ্ঠানই সম্প্রতি কিউবের মতো দেখতে নতুন ক্যামেরা বাজারজাত করেছে। সিঅ্যান্ডএ মার্কেটিং মামলা করেছে ওই কিউব ডিজাইনের ক্যামেরা নিয়ে। চলতি বছরের মে মাসেই ক্যামেরার কিউব ডিজাইন নিয়ে একটি পেটেন্ট স্বত্ত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি।
“পুরো ব্যাপারটাই বাহ্যিক চেহারা ঘিরে। একটা ডিজাইস সাদামাটা তার মানে এই নয় যে সেটা পেটেন্ট করা হতে পারে না। সিঅ্যান্ডএ মার্কেটিং এটাই দেখানোর চেষ্টা করবে যে এর পণ্যগুলোর সঙ্গে গোপ্রোর পণ্যগুলোর অনেক মিল আছে।”—মন্তব্য করেন সিঅ্যান্ডএ মার্কেটিংয়ের আইনজীবী রব জ্যাকসন।
বাজারে পোলারয়েড কিউব-এর অভিষেক ২০১৪ সালে। এর বেশ কয়েক মাস পর বাজারে আসে প্রতিদ্বন্দ্বী গোপ্রো সেশন। দুটি ক্যামেরাতেই এক পৃষ্ঠে লেন্স আর এক পৃষ্ঠে রেকর্ড বাটন আছে।
সিঅ্যান্ডএ মার্কেটিং-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “পোলারয়েড কিউব ডিজাইন ও নির্মাণে আমরা উল্লেখযোগ্য পরিমাণ খরচ করেছি। এর গোলাকার কোণ, লেন্স এবং বাটন সবই ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ। গোপ্রো তাদের হিরো ৪ সেশনেও একই ফিচার রেখেছে।
এর বিপরীতে গোপ্রোর পক্ষ থেকে বলা হয়েছে, “প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এর পণ্য ঘোষণা করার এবং পেটেন্টে জন্য আবেদন করার আগেই হিরো ৪ সেশনের ডিজাইন করা বাদ দিলেও হিরো ৪ সেশন কোনো ভাবেই পেটেন্টে করা ডিজাইন নকল করছে না কারণ সব মিলিয়ে পণ্য দুটির ডিজাইন এক রকম নয়।”
