২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিমেইলে আসছে ‘স্মার্ট-রিপ্লাই’

টেক জায়ান্ট গুগলের নিজস্ব ইমেইল সেবা জিমেইল-এ নতুন ফিচার ‘স্মার্ট রিপ্লাই’ যোগ হচ্ছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর ই-মেইলগুলো স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত রিপ্লাই পাঠানো যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘স্মার্ট রিপ্লাই’ নামের ফিচারটি গুরুত্বপূর্ণ ইমেইল শনাক্ত করে তাৎক্ষণিক উত্তরের জন্য ব্যবহারকারীকে তিনটি অপশন দেবে। এ সপ্তাহের মধ্যেই জিমেইল অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

উদাহরণ হিসেবে কেউ যদি নতুন কোনো সফটওয়্যার ব্যবহারের কৌশল জানতে কোনো লিখিত গাইডলাইন চান তবে খুব সহজে এবং দ্রুত জবাব পাঠাতে মেইলে তিনটি অপশন দেখানো হবে।

০১. দুঃখিত, না।

০২. আমি দেখে রাখব অথবা

০৩. আমি জানিয়ে দেব

এক্ষেত্রে অপশনগুলোর যেকোনো একটি সিলেক্ট করে কাছে প্রয়োজনীয় তথ্য আছে কি না বা তা খুঁজে পেতে সময় চাইতে পারবেন। 

এ ছাড়াও ব্যবহারকারীর ইমেইলে কোনো পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি কম কথায় যে কোনো অপশন বাছাই করে তার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানাতে পারবেন। এই প্রক্রিয়ায় দ্রুত এবং কম ‘কি-স্ট্রোকে’ জবাব পাঠানো যাবে।

বিবিসি জানিয়েছে, নির্দিষ্ট তথ্য আদান-প্রদানে কি-স্ট্রোক কমাতে অনেক দিন ধরেই স্মার্টফোন সফটওয়্যার নির্মাতারা কাজ করছেন।

এক্ষেত্রে অটোকারেক্ট বা ইমোজির মতো ফিচারগুলো সহায়ক হলেও নির্দিষ্ট কিছু লিখতে টাইপের পরিমাণ খুব একটা কমানো সম্ভব হয়নি। অনেক অ্যাপেই কুইক রেসপন্স অপশন থাকলেও মেইল বা মেসেজের প্রসঙ্গ বুঝে উপযুক্ত রিপ্লাই তৈরি করতে তা খুব একটা কার্য্যকর হয়নি বলে জানিয়েছে সিএনএন। জিমেইলের নতুন ফিচারটির মাধ্যমে সমস্যা দূর করা যাবে বলে সাইটটিতে জানানো হয়।

জিমেইল টিমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বালিন্ট মিকলোস-এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই ফিচারটি সাধারণ মেইলগুলোর দ্রুত রিপ্লাই প্রস্তুত করে গুরুত্বপূর্ণ সময় বাঁচাবে।