২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি বন্ধে ভয়েস ডিটেকশন

ক্রেডিট কার্ড জালিয়াতি বন্ধে গ্রহণ করা নানা পদ্ধতিতে এবার যোগ হল ভয়েস ডিটেকশন সিস্টেম। বর্তমানে জালিয়াতি বন্ধে গ্রাহকের কন্ঠস্বরের মাধ্যমে অ্যাকাউন্ট আনলক করার পদ্ধতি অনুসরণ করছে কিছু সংখ্যক ব্যাংক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বর্তমানে কিছুসংখ্যক ব্যাংকে ফোন কল কে করছেন বা কোথা হতে করছেন তা শনাক্তকরণে বায়োমেট্রিক্সসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইতোপূর্বে ব্যাংকগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হলেও ব্যাংকগুলোর কল সেন্টারে জালিয়াতির মাধ্যমে বেশ কয়েকবার অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।

এ সম্পর্কে জালিয়াতি সনাক্তকরণে নিয়োজিত প্রতিষ্ঠান পিনড্রপ সিকিউরিটি-এর সিইও বিজয় বালাসুব্রিমানিয়ান বলেন, “ব্যাংকগুলো জালিয়াতি বন্ধে যথেষ্ঠ পদক্ষেপ নিলেও কল-সেন্টারগুলোর মাধ্যমে অপরাধী ঠিকই তার কাজ সেরে নেয়।” গত বছর কল-সেন্টার থেকে অপরাধীরা প্রায় ১ হাজার কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে তিনি জানান।

সিএনএন জানিয়েছে, অনেকসময় অপরাধী নিজেকে অ্যাকাউন্টের মালিক দাবি করে কল সেন্টারে ফোন দেয়। এক্ষেত্রে কাস্টমার সার্ভিসে নিযুক্ত ব্যক্তিকে প্রভাবিত করতে নানা ছলচাতুরীর আশ্রয় নেয় অপরাধী। এই যেমন অপরাধী অনেক সময় দাবি করে যে ভ্রমণের সময় তার ক্রেডিট কার্ড হারিয়ে গেছে এবং তার খুব জরুরীভিত্তিতে টাকা দরকার। এমন তাড়াহুড়োতে অনেক সময় কাস্টমার সার্ভিস প্রতিনিধিকে ফাঁকি দিয়ে অপরাধী ঠিকই বড় অংকের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এ ছাড়া অনেকসময় অপরাধী ক্রেডিট কার্ড পরিবর্তন করতে অথবা লোন পেতে সক্ষম হয়। 

এক্ষেত্রে অপরাধীর জন্য অ্যাকাউন্টের আসল মালিকের ফোন নাম্বার জানতে হয় যা খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। এভাবে অনেকসময় অন্য একটি দেশে থেকেও সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মস্যাৎ করে নেয় অপরাধী।

ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট কিংবা কখনো কখনো একই অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে অপরাধী দিনে ২০ বারের মতো ভিন্ন ভিন্ন পরিচয়ে ফোন দিতে পারে বলে জানিয়েছেন ডেটা নিরাপত্তা প্রতিষ্ঠান নাইস সিস্টেম এর বিক্রয় বিশেষজ্ঞ এরিকা টমসন।

এ ধরনের জালিয়াতি বন্ধ করতে কিছু সংখ্যক ব্যাংক ভয়েস বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করছে বলে জানিয়েছে সিএনএন। ফিঙ্গারপ্রিন্টের মতোই প্রতিটি মানুষের কন্ঠস্বর অন্যদের থেকে আলাদা। এই প্রযুক্তি ব্যবহার করে কাস্টমার সেন্টারে কেউ ফোন দিলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করে গ্রাহকের প্রকৃত কন্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

নাইস-এর বানানো ভয়েস রেকর্ড সিস্টেমের মাধ্যমে ব্যক্তির কন্ঠস্বরের ১২০ টি আলাদা বৈশিষ্ট্য শনাক্ত করা যাবে বলে জানিয়েছেন টমসন। এক্ষেত্রে ফোন কল করা ব্যক্তির ভোকাল কর্ডের আকৃতি এবং পুরুত্ব ছাড়াও ফুসফুস এবং সাইনাসের আকার সম্পর্কেও জানা যাবে।

ডেটা গবেষণা প্রতিষ্ঠান ভেরিন্ট সিস্টেমসও কল প্রদানকারীর কন্ঠস্বর শনাক্ত করে কাস্টমার সার্ভিসে নিয়োজিত প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে।