২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল টিভি অ্যাপ স্টোরে ‘টপ চার্ট’

অ্যাপল টিভি অ্যাপ স্টোরে ‘টপ চার্ট’ বিভাগ যোগ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অক্টোবরের শেষ সপ্তাহে বাজারে আসা স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারটির অ্যাপ স্টোরে এই কদিন এমন কোনো বিভাগ ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 07:12 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, উন্মোচনের সময় টিভি অ্যাপ স্টোরটিতে মাত্র কয়েকশ’ অ্যাপ ছিল, তবে সপ্তাহের শেষ নাগাদ অ্যাপের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়।

টিভি অ্যাপ স্টোরে কোনো বিভাগ, ক্যাটেগরি বা র‌্যাংকিং দেখতে না পেয়ে ডেভেলপাররা হতাশ ছিলেন বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। কারণ অ্যাপলের ওয়েবসাইটে টিভি অ্যাপ স্টোরের ইউজার ইন্টারফেইসের যে নমুনা ছবি দেওয়া ছিল, সেটিতে টপ চার্টস নামের বিভাগ দেওয়া ছিল।

শুরুতেই টপ চার্টস যোগ না করার কারণ হিসেবে টেকক্রাঞ্চ মন্তব্য করেছে, অ্যাপল হয়তো স্বল্প কিছু অ্যাপ নিয়ে টিভি অ্যাপ স্টোরে ‘টপ চার্টস’ বিভাগ যোগ করতে চায়নি। কারণ টপ চার্টস বিভাগ যোগ করার জন্য গ্রাহক এবং ডেভেলপারদের সহযোগিতার প্রয়োজন ছিল। গ্রাহকরা কোন ডেভলপারের কোন অ্যাপটি বেশি ডাউনলোড করছে তার ভিত্তিতে বিভাগ যোগ না করলে বিষয়টি গোলমেলে হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

তবে কোনো বিভাগ বা র‌্যাংকিংয়ের ব্যবস্থা যোগ না করায় অনেক ডেভলপার বিষয়টির সুযোগ নিচ্ছিলেন বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ। তবে এখন টপ চার্ট বিভাগ যোগের পর থেকে টিভি অ্যাপ স্টোরে গ্রাহকরা সঠিক তথ্য পাচ্ছেন।

টপ চার্টস বিভাগের পর অ্যাপল সামনে টিভি অ্যাপ স্টোরে ‘ক্যাটেগরি পেইজ’ যোগ করবে বলেই অনুমান করছে টেকক্রাঞ্চ। বর্তমানে অ্যাপ স্টোরটিতে গেইমস, বিনোদন এবং শিক্ষমূলক অ্যাপসহ মোট এক হাজার ২৫টি অ্যাপ রয়েছে বলে জানিয়েছেন স্লাইড টু প্লে’র পাবলিশার জেফ স্কট।