ঋণশোধে সম্পদ বেচবে ডেল?
পিসি নির্মাতা প্রতিষ্ঠান ডেল মার্কিন কম্পিউটার স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান ইএমসিকে কিনবে এই খবর তুলনামূলক সাম্প্রতিকই বলা চলে। এর মধ্যে প্রযুক্তিপণ্যের বাজারে গুঞ্জন উঠেছে ইএমসির বিশাল অংকের ঋণ শোধ করতে ডেল ১ হাজার কোটি ডলার মূল্যের নিজস্ব সম্পদ বিক্রি করতে যাচ্ছে।
ইতোমধ্যে ডেল ঋণ বিষয়ক একাধিক সংস্থার সঙ্গে এই পরিকল্পনা নিয়ে যোগাযোগ করেছে বলে জানিয়েছে রয়টার্স। ইএমসির সঙ্গে একীভূত হওয়ার পর প্রতিষ্ঠানটির ৪ হাজার ৯শ’ ৫০ কোটি ডলার ঋণ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ডেল নিজস্ব যে সব সম্পদ বেঁচতে চাইছে সেই তালিকায় আইটি ব্যবস্থাপনায় সহায়তাকারী কোয়েস্ট সফটওয়্যার, ই-মেইল এনক্রিপশন ও ডেটা নিরাপত্তাদানকারী সনিকওয়াল, ব্যাক-আপ সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাপঅ্যাশিউর ও আইটি সেবাদাতা প্যারট সিস্টেমস রয়েছে বলেও শোনা যায়। তবে এ তালিকায় কোনো হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের মতো সম্পদ নেই।
গোপন সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। এই বিষয়ে যোগাযোগ করা হলে ডেলের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান বলে জানিয়েছে সাইটটি।
চলতি বছর অক্টোবর মাসে ৬ হাজার ৭শ’ কোটি ডলার মূল্যে ইএমসি কিনে নেওয়ার ঘোষণা দেয় ডেল।
২০১৬ সালের মে থেকে অক্টোবরের মধ্যে এই লেনদেন হবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। দুই প্রতিষ্ঠান এক হওয়ার পর ডেল প্রথম ১৮ থেকে ২৪ মাস ইএমসির ঋণ পরিশোধেই মনোযোগ দেবে বলে জানিয়েছে রয়টার্স।
ইএমসির প্রতিটি শেয়ারের জন্য ২৪ ডলার ৫ সেন্ট দামে রাজি হয়েছে ডেল। শেয়ার বাজারে ইএমসির প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ২৬ ডলার ৩৫ সেন্ট।
