ফিটবিটের আয় বেড়েছে তিনগুণ
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফিটবিটের পণ্য বিক্রির মাত্রা প্রায় তিনগুণ বেড়েছে। শারীরিক কার্য্যাবলী পর্যবেক্ষণ করে এমন ডিভাইস তৈরি করে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গেল বছরের তৃতীয় প্রান্তিকে পণ্য বিক্রি করে ১৫ কোটি ২৯ লাখ ডলার আয় করেছিল প্রতিষ্ঠানটি। অন্যদিকে এ বছর তৃতীয় প্রান্তিকে একই খাত থেকে মোট ৪০ কোটি ৯৩ লাখ ডলার আয় হয়েছে প্রতিষ্ঠানটির।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৮ লাখ ডিভাইস বিক্রি করেছে ফিটবিটি, যেখানে গতবছর একই সময়ে প্রতিষ্ঠানটি ২৩ লাখ ডিভাইস বিক্রি করেছিল।
এই প্রসঙ্গে ফিটবিটের প্রধান নির্বাহী জেমস পার্ক বলেন, “ফিটবিট প্ল্যাটফর্ম যে ক্রমশ বাড়ছে এবং আমার দল যে অসাধারণ বৈশ্বিক সুযোগ কাজে লাগাতে পেরেছে ফিটবিটের তৃতীয় প্রান্তিকের ফলাফলই তা প্রমাণ করে।”
তবে প্রতিষ্ঠানটির বিক্রি বাড়লেও উৎপাদন খরচ বাড়ায় নেট মুনাফা ৬ কোটি ৮৯ লাখ থেকে চার কোটি ৫৮ লাখে এসে ঠেকেছে। এ বছরের জুনে প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো শেয়ার বিক্রি শুরু করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ২০১৫ সালের নভেম্বরের ৪ তারিখে আরও বেশি শেয়ার বিক্রি করবে।
অন্যদিকে ‘আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে’ প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য সাত শতাংশ কমেছে বলেই জানিয়েছে বিবিসি।
