বইয়ের দোকান দিচ্ছে অ্যামাজন
ভার্চুয়াল নয় সনাতন ধারার বইয়ের দোকান খুলতে যাচ্ছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ওয়াশিংটনের সিয়াটল শহরে মঙ্গলবার নিজেদের প্রথম বইয়ের দোকান খুলতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, অ্যামাজন ডটকমের একটি বাস্তব রূপ হবে এই দোকান। গ্রাহকদের রেটিং আর প্রি-অর্ডারের ভিত্তিতে এই দোকানের জন্য বই বাছাই করা হবে।
ভাল জনপ্রিয়তা আর তত্ত্বাবধায়কদের মূল্যায়নের উপর ভিত্তি করেও বইয়ের তালিকা বানানো হবে। নতুন এই দোকানে অনলাইনের মতো বইয়ের দাম একই রাখা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুধু বই-ই নয়, সঙ্গে আরও কিছু সুবিধাও পাওয়া যাবে। কিন্ডল, ইকো, ফায়ার টিভি আর ফায়ার ট্যাবলেটের মতো আম্যাজনের ডিভাইসগুলো চালিয়ে দেখার সুযোগও দেওয়া হবে ওই দোকানে।
থ্যাংকসগিভিং ডে আর বড়দিন ছাড়া বছরের সবদিন দোকান খোলা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের বাজারে ছাপাখানায় ছাপানো বইয়ের ৭৫ শতাংশই অ্যামাজনের অনলাইন বুকস্টোরে পাওয়া যায় বলে নিজেদের সাইটে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
