২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ‘শয়তান’ বলেননি কিম ডটকম!

নিজেকে ‘শয়তান’ দাবি করার কথা অস্বীকার করেছেন হংকংভিত্তিক অনলাইন ফাইল শেয়ারিং সাইট মেগাআপলোডের প্রতিষ্ঠাতা কিম ডটকম।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:35 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

২০০৫ সালে চালু হওয়া এ প্রতিষ্ঠানটি অনলাইনে বিভিন্ন ফাইল জমানো ও শেয়ার করার সুবিধা দিয়ে আসছিল। কিন্তু ২০১২ সালে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মার্কিন আদালত আর প্রতিষ্ঠানটির ৪ কোটি ২০ লাখ ডলারের সম্পত্তি জব্দ করে নেয় হংকংয়ের শুল্ক বিভাগ। পাইরেসি আইন লঙ্ঘন, প্রতারণা ও মুদ্রা পাচারের অভিযোগে কিম ডটকমকে আটকের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের আদালত। একই বছর তার নিউজিল্যাণ্ডের বাড়িতে হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর থেকে ওই মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ডটকম।  

সম্প্রতি তদন্ত কর্মকর্তাদের কাছে নিজ মাতৃভাষায় একটি বিবৃতি দেন ডটকম। এটি অনুবাদ করে মার্কিন আইন-প্রণয়নকারী সংস্থা জানায় তিনি বলেছেন, “কিছু ক্ষেত্রে, একজন বিচারক আশ্বস্ত হবেন যে আমরা কতটা শয়তান, আর এরপর আমরা সমস্যায় পড়ব।”

বিশ্বব্যাপী সংবাদমধ্যমগুলোতে উঠে আসে এই উক্তি। আর এটি ব্যবহার করে আন্তর্জাতিক কপিরাইট লঙ্ঘন আইনে তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় এফবিআই।

এরপর নিউজিল্যান্ডের আদালতে এই বিষয়ে ভিন্নমত জানান ডটকমের আইনজীবীরা। উক্তিটি ভুল অনুবাদ করা হয়েছে বলে জানান তারা। তাদের মতে, আসল উক্তিটি ছিল, “কিছু ক্ষেত্রে বিচারক আমরা কতোটা খারাপ অভিযোগে আছি তা নিয়ে কথা বলবেন, পরে আমরা ঝামেলায় পড়ব।” 

এক মাসেরও বেশি সময় ধরে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে শুনানি চলছে।

চলতি মাসের প্রথম সোমবার আদালতে শুনানি চলাকালে এক উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ। তখন আদালতে একটি ভিডিও দেখানো হয়। ডটকমের সঙ্গে কানিয়ে ওয়েস্ট, কিম কার্দার্শিয়ান, সেরেনা উইলিয়ামস, ফ্লয়েড মেওয়েদারসহ আরও অনেক সেলিব্রিটিকে একসঙ্গে ‘আপলোড টুডে’ কথার একটি গান গেয়ে মানুষকে উৎসাহ দেওয়ার দৃশ্য দেখা যায় ভিডিওটিতে।

ভিডিওটি দেখিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায়কে বৈধ বলে দাবি করা হলে, বিচারক নেভিন ডওসন অর্ধেক দেখার পরই তা বন্ধ করতে বলেন। কেন এটি চালানো হলো তা নিয়ে প্রশ্নও করেন তিনি।

সাইটটি বৈধ ফাইল শেয়ার করার জন্য তৈরি বলে দাবি করেন ডটকমের আইনজীবীরা। কেউ যদি এটি অপব্যবহার করেন তার জন্য ডটকম দায়ী হতে পারেন না বলে যুক্তি দেখান তারা।