২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জায়গা’ কমছে ওয়ানড্রাইভ-এ

বড় পরিবর্তন আসছে ওয়ানড্রাইভ এবং ক্লাউড স্টোরেজ সেবায়। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এক ঘোষণায় জানিয়েছে- ওয়ান ড্রাইভ-এ অফিস ৩৬৫ এবং বিনামূ্ল্যে দেওয়া সেবার আওতায় গ্রাহকদের যে স্টোরেজ দেওয়া হয়েছিল তা কমিয়ে আনা হবে। এ ছাড়াও এ সেবাগুলোর ‘আনলিমিটেড’ অপশনটি আর রাখা হবে না বলেও জানিয়েছে মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:30 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

এক প্রতিবেদনে অ্যাপল পণ্যবিষয়ক সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির ‘সহযোগিতা, সংযুক্ততা এবং বুদ্ধিদীপ্ত সেবা নিশ্চিত’ করতে এ পরিবর্তনগুলো আনা হচ্ছে বলে দাবি করেছে মাইক্রোসফট।

এ প্রসঙ্গে মাইক্রোসফট বলছে, “আমরা অফিস ৩৬৫ এর জন্য আনলিমিটেড ক্লাউড স্টোরেজ দেওয়ার পর দেখেছি অনেক গ্রাহক প্রয়োজনীয় ফাইলের বদলে নিজেদের সম্পূর্ণ মুভি সংগ্রহ সেখানে আপলোড করছেন। আমরা চাই, সেবাটির মাধ্যমে অধিকাংশ ওয়ানড্রাইভ গ্রাহক যাতে উচ্চমাত্রার কার্যকর ও সহযোগিতামূলক অভিজ্ঞতা অর্জন করতে পারেন।”

মাইক্রোসফটের নতুন পরিকল্পনায় অফিস ৩৬৫ হোম, পার্সোনাল ও ইউনিভার্সিটি গ্রাহকরা আর কোনো আনলিমিটেড স্টোরেজ অপশন পাবেন না। এর বদলে তাদের এক টেরাবাইট স্টোরেজ অপশন দেওয়া হবে। নতুন গ্রাহকরা যে ১০০ গিগাবাইট ও ২০০ গিগাবাইটের সুবিধা পেতেন, সেটিও কমিয়ে আনা হয়েছে। ২০১৬ সাল থেকে নতুন গ্রাহকরা এক ডলার ৯৯ সেন্টের বিনিময়ে ৫০ গিগাবাইটের সুবিধা পাবেন।

আর ফ্রি ওয়ানড্রাইভ গ্রাহকরা ১৫ গিগাবাইটের বদলে পাঁচ গিগাবাইটের সুবিধা পাবেন। ১৫ গিগাবাইটের ক্যামেরা রোলের অপশনটিও আর থাকছে না বলেই জানিয়েছে মাইক্রোসফট। সবগুলো পরিবর্তনই ২০১৬ সাল থেকে কার্যকর হবে।

ব্যবহারকারীদের সুবিধার্থে মাইক্রোসফট জানিয়েছে, প্রতিটি সেবার সব ব্যবহারকারীই পরিবর্তন কার্য্যকর হবার পর নিজেদের ফাইলগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য ১২ মাস সময় পাবেন।