বাগের কাছে কুপোকাত ব্যাটম্যান!
আর্কহাম নাইটের পিসি সংস্করণের বাগ সম্পূর্ণ ঠিক না করতে পেরে শেষে গেইমারদেরকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স। যেসব গেইমার স্টিম গেইমিং সেবার মাধ্যমে ‘ব্যাটম্যান: আর্কহাম নাইট’ গেইমটি কিনেছিলেন, তাদের সবাইকে অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গেইমটির বাগমুক্ত পিসি সংষ্করণ ছাড়ার কয়েকদিন পরেই ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে অর্থ ফেরতের ঘোষণা দেওয়া হল।
চলতি বছরের জুন মাসে ‘ব্যাটম্যান: আর্কহাম নাইট’ উন্মুক্ত করা হয়। কিন্তু কয়েকদিন পরেই গেইমটির পিসি সংস্করণে নানা কারিগরি ত্রুটি ধরা পড়ে। গেইমটি অনেক স্থানে আটকে যাওয়ায় ও বারাবার ক্র্যাশ হওয়ায় গেইমাররা ঠিকমতো গেইমটি খেলতে পারছিলেন না।
প্রথমে ধারণা করা হয়েছিল, কনসোল সংস্করণ থেকে পিসি সংস্করণে গেইমটিকে কনভার্ট করায় এ ধরনের বাগ সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটি সংশোধনের জন্য আপডেটেড সংস্করণেও একই ধরনের সমস্যা পুনরাবৃত্তি হওয়ায় ওয়ার্নার ব্রাদার্স এখন গেইমটি কিনতে গেইমারদের যে অর্থ খরচ হয়েছে তা সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে শুধু স্টিম গেইমিং সেবার মাধ্যমে যারা গেইমটি কিনেছিলেন, তারেই কেবল এই সুবিধা পাবেন।
এক বিবৃতিতে ওয়ার্নার ব্রাদার্স পিসি গেইমারদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে এবং জানিয়েছে, কোনো গেইমার যদি ত্রুটি থাকা স্বত্ত্বেও গেইমটি খেলতে চান, সেক্ষেত্রে সেসব গেইমারদেরকে তারা বিভিন্ন বাগ ফিক্স দিয়ে সাহায্য করবেন।
