শিশু নজরদারি অ্যাপ সরালো দক্ষিণ কোরিয়া
শিশুদের অনলাইন কার্যক্রমে নজর রাখে এমন একটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। সরিয়ে নেওয়ার পর অভিভাবকদেরকে স্মার্ট শেরিফ নামের ওই অ্যাপের বিকল্প কোনো অ্যাপ খুঁজে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যাপটি সরিয়ে দিয়েছে দ্য কোরিয়া কমিউনিকেশন কমিশন (কেসিসি)।
এ বছরের এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ান শিশুদের ফোনে নজরদারি বাধ্যতামূলক করেছে দেশটি। তারপরেও এই নজরদারি অ্যাপটি সরিয়ে নেওয়ার মূল কারণ হিসেবে কেসিসি জানিয়েছে, এর নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে এমন প্রতিবেদন পাওয়ায় তারা অ্যাপটিকে সরিয়ে দিয়েছে।
সরিয়ে নেওয়া স্মার্ট শেরিফ অ্যাপটি দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া নজরদারি অ্যাপগুলোর মধ্যে অন্যতম। এমনকি অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানও ওই দেশীয় বলেই জানিয়েছে বিবিসি। কোরিয়ান মোবাইল ইন্টারনেট বিজনেস অ্যাসোসিয়েশন (মইবা) নামের একটি গ্রুপ ওই অ্যাপটি তৈরি করেছিল।
কিন্তু ইউনিভার্সিটি অফ টরন্টো এবং সফটওয়্যার অডিটিং প্রতিষ্ঠান কিওর৫৩ পৃথক দুই প্রতিবেদনে জানিয়েছিল, অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থা ‘সর্বনাশা’। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল, অ্যাপটিতে শিশুদের ব্যক্তিগত বিস্তারিত তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হয় না এবং অ্যাপটির প্যারেন্টাল ফিল্টার খুব সহজেই বন্ধ করে দেওয়া সম্ভব।
তবে এ প্রসঙ্গে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান মইবা জানিয়েছিল, অ্যাপটির নিরাপত্তা ত্রুটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পূর্বেই ঠিক করা হয়েছে।
