২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং: ফোন বিক্রি বেড়েছে, কমেছে লাভ

বিগত বছরের এ সময়ের তুলনায় এ বছর আরও বেশি সংখ্যক স্মার্টফোন বিক্রি করছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। তবে আগের বছরের মতো উচ্চমূল্যের স্মার্টফোন নয়, স্বল্পমূল্যের স্মার্টফোনই বেশি বিক্রি করছে প্রতিষ্ঠানটি। তবে সে তুলনায় বাড়েনি লাভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 11:01 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

এক প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত সপ্তাহে স্যামসাং ২০১৩ সালের পর এই প্রথম কোনো প্রান্তিকে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেশি মুনাফা অর্জন করল।

ডেটা সংস্থা কাউন্টারপয়েন্ট টেকনলজি মার্কেট রিসার্চ জানিয়েছে, স্যামসাং বর্তমানে বেশি সংখ্যায় স্বল্পমূল্যের ফোন এবং স্বল্প সংখ্যক উচ্চমূল্যের প্রিমিয়াম ডিভাইস বিক্রি করছে। তবে কোন ফোন কী পরিমাণে বিক্রি হচ্ছে তা স্যামসাং আলাদা করে জানায়নি।

কাউন্টারপয়েন্ট জানিয়েছে, ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে স্যামসাং আট কোটি ৪০ লাখ ফোন সরবরাহ করেছে যা গত বছরের তুলনায় ৬.৩ শতাংশ বেশি। তবে বেশি স্মার্টফোন সরবরাহ করা স্বত্ত্বেও বিশ্বব্যাপী স্যামসাংয়ের উচ্চমূল্যের স্মার্টফোন বিক্রি কমেছে ৪০ শতাংশ।

গত বছরের এ সময়ে স্যামসাং যেখানে ৩০ শতাংশ স্বল্পমূল্যের স্মার্টফোন সরবরাহ করেছিল, সেখানে এ বছর স্যামসাং ৩৮ শতাংশ স্বল্পমূল্যের স্মার্টফোন সরবরাহ করেছে। আর এই বিক্রিতে প্রতিষ্ঠানটিকে সাহায্য করেছে মধ্যম ও স্বল্পমূল্যের ফোনগুলো, বিষে করে জে সিরিজের মডেলগুলো।

আর তাই স্যামসাং বেশি স্মার্টফোন সরবরাহ করলেও ২০১২ বা ২০১৩ সালের মতো অর্থ উপার্জন করছে না। উপার্জন প্রায় একই থাকছে বা বলা চলে অনেক ক্ষেত্রে হ্রাস পেয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্বল্পদামী ফোন বেশি সরবরাহের বিষয়টি থেকেই বুঝা যাচ্ছে স্যামসাং তাদের চীনা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বাজারে লড়তে প্রস্তুত। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যবর্তী সময়ে বেশ কিছু সংখ্যক চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্বল্পদামী স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হয়েছে। এসব স্মার্টফোন নির্মাতাদের মধ্যে অন্যতম হচ্ছে শিয়াওমি কর্পোরেশন, হুয়াওয়ে, লেনোভো গ্রুপ লিমিটেড ইত্যাদি।