২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসকেটি১ নতুন লিগ অফ লিজেন্ডস চ্যাম্পিয়ন

ভিডিও গেইম লিগ অফ লিজেন্ডসের ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দক্ষিণ কোরিয়ার দল এসকেটি১। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয়েছে ১০ লাখ ডলার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:59 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

লিগ অফ লিজেন্ডস গেইমে ছোট একটি গেমিং এলাকায় প্রতিটি দলকে নিজেদের বেইস রক্ষা করে অন্যদের বেইস ধ্বংস করতে হয়। ডিমন টোড, গোলাম, রোবট আর গানমেনসহ ১শ’ চ্যাম্পিয়নের যে কোনো একটি নিয়ে খেলে থাকেন গেইমাররা।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৫ হাজার দর্শকের সামনে জার্মানির বার্লিনে লিগ অফ লিজেন্ডেসের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে এসকেটি১- এর সঙ্গে লড়ে দক্ষিণ কোরিয়ার আরেক দল কু টাইগার্স। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে যায় এসকেটি১।

ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয়ী দলে খেলোয়াড় জিইয়ং-হোয়ান বলেন, “আমরা আগেও অনেক বার কু-এর সঙ্গে খেলেছি আর অবশ্যই তাদের সঙ্গে আমাদের ভালো ফলাফলের রেকর্ড রয়েছে।”

দ্বিতীয়বারের মতো এসকেটি১কে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করেছেন জ্যাং আকা ম্যারিন। তিনি এখন দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

২০০৯ সালে বের হওয়ার পরই গেইমটি অনেক জনপ্রিয় হয়ে উঠে। নির্মাতা প্রতিষ্ঠান রায়ট গেইমসের জরিপ অনুযায়ী, প্রতি মাসে ৬ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ এই গেইম খেলে।