২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিঅ্যাকশনের শেয়ার কিনল বিএই

ব্রিটিশ এয়ারক্রাফট প্রযুক্তি প্রতিষ্ঠান রিঅ্যাকশন ইঞ্জিনের এক প্রকল্পে ২০ শতাংশ শেয়ার কিনে নিল আরেক ব্রিটিশ এয়ারক্রাফট প্রযুক্তি প্রতিষ্ঠান বিএই সিস্টেমস। আর এজন্য বিএই-কে গুণতে হচ্ছে ২ কোটি ৬ লাখ পাউন্ড।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

রিঅ্যাকশন ইঞ্জিন বর্তমানে রকেট বা জেটের জন্য সাবরে নামের একটি হাইব্রিড ইঞ্জিন বানাতে কাজ করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই প্রযুক্তির কারণে প্রচলিত খরচের চেয়ে অনেক কম খরচে কৃত্রিম উপগ্রহ বা যাত্রী পাঠানো যাবে। বিশ্বের যেকোনো জায়গায় যাত্রী পাঠাতে এ প্রযুক্তিতে মাত্র চার ঘন্টা লাগবে। এ খাতে ব্রিটিশ সরকারও ৬ কোটি পাউন্ড বিনিয়োগ করছে। এ প্রকল্পে উচ্চ গতিতে থাকা অবস্থায় ইঞ্জিনে গরম বাতাস প্রবেশই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিঅ্যাকশন ইঞ্জিনের ব্যবস্থাপনা পরিচালক মার্ক টমাস এই ঘোষণাকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন।

বিএই সিস্টেমসের প্রোগ্রাম অ্যান্ড সাপোর্ট বিভাগের ব্যবস্থাপনা পরিচালক নাইজেল হোয়াইটল্যান্ড বলেন, “রিঅ্যাকশন ইঞ্জিন যুক্তরাজ্যের উচ্চ উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান।” নতুন এই পদক্ষেপ বিএই সিস্টেমকে এ খাতে বিরাট সাফল্য এনে দেবে বলেও মনে করেন তিনি।

মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর বাজারে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। দুই বড় প্রতিষ্ঠানের এ সমন্বয় তা আরও বাড়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে। 

প্রতিষ্ঠানটি চলতি দশকের শেষের দিকে পরীক্ষামূলক গ্রাউন্ড-বেইসড ইঞ্জিন আর ২০২৫ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে চালকবিহীন প্লেন চালানো শুরুর আশা করছে।