জেলে গোপনে তৈরি হল র্যাপ ভিডিও
র্যাপ মিউজিক ভিডিও বানানোর ফলে তদন্তের সম্মুখীন হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া কারাগারের বন্দীদের। কর্তৃপক্ষের নজর এড়িয়ে ওই ভিডিওটি তৈরি করেছেন বন্দীরা।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দীদের নির্মিত ওই র্যাপ মিউজিক ভিডিও “‘থাগিং’ লাইভ ফ্রম ডেকাব জেইল” ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে শেরিফ অফিসের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দীরা জেইলহাউজের যন্ত্রাদি ব্যবহার করে র্যাপ মিউজিক ভিডিওটি বানাতে সক্ষম হন এবং পরবর্তীতে শনিবার তা ইউটিউবে পোস্ট করা হয়েছে।
বৃহস্পতিবার ডেকাবের কাউন্টি শেরিফ জেফ্রি মান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ওই ভিডিওতে বন্দীদের অনেককেই শার্ট খুলে ফেলে ও কারাগারে নিষিদ্ধ পণ্য দেখিয়ে নাচতে দেখা গেছে, এমনকি সিগারেট লাইটার হাতেও অনেককে দেখা গেছে যা কারাগারে নিষিদ্ধ।
বন্দীরা কারাগারের ভিডিও ভিজিটেশন প্রক্রিয়া ব্যবহার করে ওই মিউজিক ভিডিওটি বানিয়েছেন বলেও জানান তিনি। ভিডিও ভিজিটেশন প্রক্রিয়ায় বন্দীরা ভিডিও কলিংয়ের সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে যিনি ভিডিও কলটি রিসিভ করেছিলেন, তিনি ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছেন বলেই জানিয়েছেন মান।
এরকমটি যাতে আর না হতে পারে, সেজন্য কারাগার কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে শুক্রবার এক বিবৃতিতে মান জানিয়েছেন, কাজটির জন্য দায়ী সব বন্দীদের শাস্তি পেতে হবে।
