চীনে ব্যবসা করতে পারে ‘অ্যালফাবেট’
গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেটের চীনে ব্যবসা করার সম্ভাবনা রয়েছে –জানিয়েছেন স্বয়ং অ্যালফাবেটের প্রেসিডেন্ট সার্গেই ব্রিন।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ব্রিনের ভাষ্যে, অ্যালফাবেটের গঠণ কাঠামোটাই এমন যে এর অধীনস্থ ব্যবসায়গুলো নিজ ব্যবসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।
এ প্রসঙ্গে ব্রিন জানিয়েছেন, অ্যালফাবেট অধীনস্থ প্রতিটি ব্যবসা নিজ থেকে ঠিক করতে পারবে, তারা কোন দেশে ব্যবসা করতে ইচ্ছুক। ইতোমধ্যেই তারা চীনে ব্যবসা করে দেখেছেন দেশটিতে ব্যবসা করা যথেষ্ট কঠিন।
সেন্সরশিপ সমস্যা ও জিমেইল ব্যবহারকারীদের উপর সাইবার আক্রমণ চালানোর ফলে গুগল ২০১০ সালেই চীন থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে এনেছিল এবং দেশটিতে বর্তমানে গুগলের কোনো সেবা পাওয়া যায় না বলেই জানিয়েছে গার্ডিয়ান।
তবে এ মাসের শুরুতে গুগল চীনা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স স্টার্টআপ মবভয়ের শেয়ার কিনেছে। পরিধেয় স্মার্ট প্রযুক্তি তৈরির লক্ষ্য নিয়ে মূলত প্রতিষ্ঠিত হয়েছিল ওই চীনা প্রতিষ্ঠানটি। গুগল এবং মবভয় দুটি প্রতিষ্ঠানই এ বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে এক চুক্তিতে এসেছে বলে ঘোষণা করেছিল।
চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটি চীনে ‘গুগল অ্যান্ড্রয়েড ওয়্যার’ অপারেটিং সিস্টেম লঞ্চ করবে।
