নতুন গাড়ির প্রটোটাইপ পরীক্ষা করছে নিসান
নিজেদের স্বয়ংক্রিয় গাড়ির প্রটোটাইপ পরীক্ষা করা শুরু করেছে জাপানিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। ব্যক্তি-মালিকানাধীন স্থানের বদলে জাপানের অভ্যন্তরীন সড়ক এবং মহাসড়কে গাড়িগুলো পরীক্ষা করা হচ্ছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে নিজেদের ‘লিফ-বেসড’ স্বয়ংক্রিয় গাড়িগুলোই পরীক্ষা করছে নিসান।
মূলত প্রতিষ্ঠানটি ওই গাড়িগুলোর ‘পাইলটেড ড্রাইভ’ মোড পরীক্ষা করে দেখছে। ‘পাইলটেড ড্রাইভ’ মোড গাড়িটির ইন্টিলিজেন্ট ড্রাইভিং সিস্টেমের একটি অংশ বলেই জানিয়েছে এনগ্যাজেট। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নিতে পারে এই ‘পাইলটেড ড্রাইভ’ মোড।
২০১৬ সালের শেষ নাগাদ নিজেদের গাড়ির মডেলে বিশেষ এই মোডটির প্রথম সংস্করণ যোগ করার ইচ্ছা রয়েছে নিসানের। ওই সংস্করণটি যানজটের সময় গাড়ির নিয়ন্ত্রণ নিজ হাতে রাখতে পারবে। তবে মোডটির পরবর্তী সংস্করণ যা লেন পরিবর্তন করতে পারবে তা ২০১৮ সালের আগে নিসানের গাড়িতে যোগ করা হবে না। আর ২০২০ সাল নাগাদ সম্পূর্ণ স্বচালিত গাড়ি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
‘পাইলটেড ড্রাইভ’ মোডের প্রথম সংস্করণকে বাস্তবায়িত করতে প্রতিষ্ঠানটি উচ্চমানসম্পন্ন লেজার স্ক্যানার তৈরি করেছে। স্ক্যানারটি থ্রিডির সাহায্যে গাড়ি ও এর সামনে অবস্থানরত বাধার দূরত্ব নির্ণয় করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ৩৬০ ডিগ্রি ভিউয়ের একটি আটমুখী ক্যামেরা ডিজাইন করেছে, যেটির সাহায্যে গাড়ির আশপাশে কী আছে, সে বিষয়ক তথ্য পাওয়া সম্ভব হবে।
