গুগলের নতুন অ্যাপ ‘হু’জ ডাউন’
অনেকটা নিরবেই অ্যাপ স্টোরের জন্য ‘হু’জ ডাউন’ নামের নতুন একটা অ্যাপ নিয়ে এসেছে ওয়েব জায়ান্ট গুগল। অ্যাপের কাজটিও বেশ অভিনব, ব্যবহারকারীকে জানিয়ে দেবে তার কোন বন্ধুটি এখন অবসর সময় কাটাচ্ছেন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক জানিয়েছে, অ্যাপটির সুবিধা পেতে ব্যবহারকারী এবং ব্যবহারকারীর বন্ধু দুজনের কাছেই অ্যাপটি থাকতে হবে।
শুধু স্লাইড করেই অ্যাপ ব্যবহারকারী জানিয়ে দিতে পারবেন, তিনি ব্যস্ত নাকি অবসর সময় কাটাচ্ছেন, অথবা কোথাও যেতে ইচ্ছুক ইত্যাদি। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে আসবে। ধরে নেয়া যাক, আপনি কফি খেতে যেতে চচ্ছেন, সঙ্গে কোনো বন্ধুকে নিতে পারলে ভাল হয়। জনে জনে ফোন করে খোঁজ নেওয়ার বদলে একবার অ্যাপটিতে চোখ বুলিয়ে নিলেই জানতে পারবেন আপনার কোন বন্ধুটি আপনাকে এখন কফি খাওযার জন্য সময় দিতে পারবেন। আর কফি খাওয়ার মতো কাউকে না পেলেও সমস্যা নেই, অ্যাপটির চ্যাট ফাংশনের সুবিধা নিয়ে যারা অবসর সময় কাটাচ্ছেন, তাদের সঙ্গে আড্ডাও দেওয়া যাবে।
বর্তমান নিয়মানুযায়ী অ্যাপটি নামাতে হলে, এই অ্যাপ ব্যবহারকারীর কাছ থেকে প্রথমে একটি ‘ইনভাইট’ পেতে হবে, তারপর অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আইওএসের পাশাপাশি অ্যাপটির একটি অ্যান্ড্রয়েড সংস্করণ রয়েছে বলেও জানিয়েছে ৯টু৫ ম্যাক।
