ঋণ ফেরত চাইতে ‘রোবোকল’
পড়াশুনার জন্য নেওয়া শিক্ষাঋণ পরিশোধ করা না হলে, শিক্ষার্থীদের ঋণ পরিশোধে আহ্বান জানাবে রোবট। না আজগুবি নয়, ঋণ গ্রহণে ‘রোবোকল’ নামের এমন ব্যবস্থাই করছে যুক্তরাষ্ট্র সরকার।
ঋণ পরিশোধ না করা শিক্ষার্থীদের ফোন দিয়ে স্বয়ংক্রিয় মেশিন তাদের ঋণ পরিশোধ করতে বলবে- এমন ব্যবস্থা গ্রহণে অনেকদিন ধরেই সরকারের কাছে অনুমতি চেয়ে আসছিল ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। এবার নতুন এক বাজেট চুক্তিতে এ বিষয়ে অনুমতি দিয়ে বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সব ধাপ পেরিয়ে এই চুক্তি কার্যকর হতে এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সইয়ের জন্যই অপেক্ষা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ইতোমধ্যেই হোয়াইট হাউস এই পদক্ষেপে সমর্থন জানিয়েছে।
বর্তমানে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো শুধু অনুমতি নেওয়া আছে বা ফোন নাম্বার নিশ্চিত করা আছে এমন ঋণগ্রহণকারীদেরই এই স্বয়ংক্রিয় ফোন দিতে পারে। এর ফলে, তারা মোট গ্রাহকের মাত্র এক-তৃতীয়াংশের কাছে এমন আহ্বান পাঠাতে পারে।
রোবোকল ব্যবহারে গ্রাহকদের কাছ থেকে ঋণ পরিশোধে ভালো সাড়া পাওয়া যায় বলে দাবি প্রতিষ্ঠানগুলোর। ঋণদাতা প্রতিষ্ঠান নেলনেট জানিয়েছে, রোবোকল দেওয়া যায় এমন ১৩ শতাংশ আর রোবোকল দেওয়া যায় না এমন ২৯ শতাংশ গ্রাহকের মধ্যে তুলনায় দ্বিতীয়ভাগের গ্রাহকরা ঋণ পরিশোধে ৩০ দিন বেশি দেরি করে।
যুক্তরাষ্ট্র সরকারের ২০১৩ সালের হিসাব অনুযায়ী অপরিশোধিত শিক্ষাঋণের পরিমাণ ছিল ৯ হাজার ৪শ’ কোটি ডলার।
নতুন এই ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো আরও বেশি ঋণ আদায়ের কথা বললেও, এ নিয়ে খুব একটা আশাবাদী নয় বারাক ওবামার অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট। এর ফলে, বার্ষিক রাজস্বে মাত্র ১ কোটি ২০ লাখ ডলার যোগ হবে বলে মনে করেন তারা।
স্বয়ংক্রিয় এই রোবোকলের বিপক্ষে কাজ করা একটি প্রতিষ্ঠান হচ্ছে এফসিসি। মজার বিষয় হচ্ছে, নতুন এই রোবোকল ব্যবস্থার দায়িত্ব তাদেরই দেওয়া হয়েছে।
সর্বশেষ প্রতিবেদনে রোবোকল নিয়ে ২ লাখ ১৫ হাজার অভিযোগ পাওয়ার কথা জানায় এফসিসি।
