নভেম্বর ১১-তেই আইপ্যাড প্রো!
নভেম্বর ১১ থেকে অনলাইন এবং স্টোরে পাওয়া যাবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল নির্মিত আইপ্যাড প্রো –জানিয়েছে ৯টু৫ম্যাক। আইপ্যাড প্রো-এর স্ক্রিন সাইজ আগের আইপ্যাডগুলো থেকেও বড়।
এক প্রতিবেদনে অ্যাপলের প্রযুক্তিবিষয়ক অনলাইন সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, ৯টু৫ নির্দিষ্ট তারিখ জানালেও, অ্যাপলের পক্ষ থেকে আইপ্যাড প্রো বিক্রির নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত জানানো হয়নি।
প্রতিষ্ঠানটি এর আগে জানিয়েছিল, নভেম্বর মাসে আইপ্যাড প্রো বাজারে আসতে পারে। ম্যাকরিউমার্স জানিয়েছে, গণমাধ্যমে এর আগেও গুজব ছড়িয়েছিল অ্যাপল নভেম্বরের শুরুতে আইপ্যাড প্রো বিক্রি শুরু করবে। তবে অ্যাপল নিজ স্বভাব মতো গুজবের ব্যাপারে মুখ খোলেনি। যদি ৯টু৫ ম্যাকের দেওয়া তথ্য সত্যি হয়, তাহলে প্রতিষ্ঠানটি ডিভাইসটির জন্য প্রি-অর্ডার সুবিধা চালু করবে কিনা সে বিষয়টিও জানা সম্ভব হয়নি।
৯টু৫ম্যাক জানিয়েছে, নভেম্বরের ১১ তারিখে আইপ্যাড প্রো-এর পাশাপাশি অ্যাপল ডিভাইসটির বিভিন্ন আনুষাঙ্গিক উপকরণও বিক্রি শুরু করবে। আনুষাঙ্গিক উপকরণগুলোর মধ্যে রয়েছে, অ্যাপল স্মার্ট কিবোর্ড, অ্যাপল পেন্সিল ইত্যাদি।
৭৯৯ ডলার থেকে ১,০৭৯ ডলার পর্যন্ত বিভিন্ন আইপ্যাড প্রো সংস্করণ পাওয়া যাবে। স্টোরেজ, ওয়াই ফাই অনলি, ওয়াই ফাই + সেলুলার মডেল ইত্যাদির ভিত্তিতে ডিভাইসটির বিভিন্ন একেক রকম মূল্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ৯৯ ডলার মূল্যে অ্যাপল পেন্সিল এবং একশ’ ৬৯ ডলার মূল্যে স্মার্ট কিবোর্ড বিক্রি করা হবে।
