২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনের পক্ষে ইউরোপিয়ান পার্লামেন্ট

শীত আসার আগেই মার্কিন নিরাপত্তা সংস্থা এনএসএ-এর সাবেক ঠিকাদারক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া থেকে উষ্ণতর স্থানে থাকার আশা দেখাল ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের ভোটে স্নোডেনকে ইউরোপে আশ্রয় দেওয়ার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 06:05 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

২৮৫-২৮১, এমন টানটান ভোটের লড়াইয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সাইট ওয়্যারড ডটকম। এক বিবৃতিতে পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়, “এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে আনা সব অপরাধের অভিযোগ সরানো হোক।” বিবৃতিতে তাকে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী ও একজন 'হুইসেল ব্লোয়ার'-এর মর্যাদা দেওয়ার আহ্বানও জানানো হয়।

এ সংবাদে আনন্দিত স্নোডেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি এ সিদ্ধান্তকে ‘অসাধারণ’ ও ‘খেলা-পাল্টে দেওয়া’ হিসেবে অভিহিত করেন।

স্নোডেনের উপর বহির্বিশ্বের কতটা সমর্থন রয়েছে তা এ সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যায় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক খবরের আরেকটি জনপ্রিয় সাইট টেকক্রাঞ্চ।

বর্তমানে রাশিয়ায় অবস্থানরত হলেও নিজ দেশে যেতে ইচ্ছুক এই মার্কিন নাগরিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নোডেন জেলে যেতে হলেও যুক্তরাষ্ট্রে যেতে যান বলে জানিয়েছেন।

নাগরিকদের তথ্যচুরির বিষয়ে পার্লামেন্ট এর পক্ষ থেকে বলা হয়, “ইলেক্ট্রনিক মাধ্যমে গণ নজরদারির কবল থেকে নাগরিকদের নিরাপত্তা দিতে এখনও কমই করা হয়েছে।” ২০১৩ সালে স্নোডেন এনএসএ কর্তৃক বিদেশী নাগরিকদের নজরদারি করার তথ্য ফাঁস করেন। এরপর আরও কিছু গোপন মাধ্যমে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এর সেলফোন আর ফ্রান্সের প্রেসিডেন্টের তিন প্রশাসনের উপর এনএসএ'র নজরদারির খবর বের হয়। এবার ইইউ পার্লামেন্টের এমন সিদ্ধান্ত মার্কিন নজরদারির উপর ইউরোপের ক্ষোভের প্রকাশ ঘটাল।

স্নোডেন জার্মানি, নেদারল্যান্ডসসহ ২১টি দেশে স্নোডেন আশ্রয় চেয়েছিলেন বলে ২০১৩ সালে এক প্রতিবেদনে জানিয়েছিল গোপন তথ্য ফাঁসকারী সাইট উইকিলিকস।