পছন্দ মতো রাস্পবেরি পাই
এখন নিজের পছন্দমতো রাস্পবেরি পাই ডিজাইন করে নিতে পারবেন এর ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, পাই কম্পিউটারের জন্য ‘কাস্টমাইজেশন সার্ভিস’ চালু করেছে নির্মাতা প্রতিষ্ঠান এলিমেন্ট১৪।
এই সেবার ফলে ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী রাস্পবেরি পাই কম্পিউটার ডিজাইন করতে পারবেন। বোর্ড লে-আউটের নকশা, হেডার, কানেক্টর বা ইন্টারফেইস যোগ করা বা বাদ দেওয়া, কনফিগারেশনে পরিবর্তন আনা, অন-বোর্ড মেমোরি, অতিরিক্ত আইও বা ওয়্যারলেস চিপ সংযোজনের মতো সব বিষয়ে নির্দেশনা দিতে পারবেন ক্রেতারা।
কাস্টমাইজেশনের ধরনভেদে ৩ হাজার থেকে ৫ হাজার পাই কম্পিউটার কাস্টমাইজ করা হবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
চলতি বছর ফেব্রুয়ারিতে ৫০ লাখের মাইলফলক অতিক্রম করেছে ৩৫ থেকে ২৫ ডলার দামের রাসবেরি পাই কম্পিউটারের বিক্রির সংখ্যা। নতুন এই সেবার ফলে এ বিক্রির হার নতুন গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। তিন সপ্তাহের মধ্যে প্রকৌশলীরা কাস্টমাইজ করা পাইয়ের মূল্য আর ‘সরবরাহের আউটলাইন’ নিয়ে জবাব দেবেন বলে জানিয়েছে এলিমেন্ট১৪।
এই প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “কতগুলো বোর্ড লাগছে আর কি ধরনের কাস্টমাইজেশন করা হচ্ছে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হবে।”
