২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির সফটওয়্যার বিষয়ে নতুন নিয়ম

ভবিষ্যতে আইনতভাবেই গাড়ির সফটওয়্যারে কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়টি পরীক্ষা করতে পারবেন নিরাপত্তা গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রশাসন গাড়ির সফটওয়্যারের ব্যাপারে নতুন এ নিয়ম প্রণয়ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাড়ির সফটওয়্যার পরীক্ষা করে দেখতে পারলেও, সেসব সফটওয়্যারের কোডে কোনো পরিবর্তন আনা হলে বা তা বিক্রি করা হলে, বিষয়টিকে কপিরাইট লংঘন হিসেবে ধরা হবে।

গাড়ির সফটওয়্যারের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রশাসনের নতুন এই নিয়মের বিপক্ষেই কথা বলছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। গাড়ি উৎপাদকরা জানিয়েছেন, ‘রিপেয়ার গ্যারেজ’ যেকোনো সমস্যার সমাধান করতে পারে।

ইউএস কপিরাইট অফিসের তদারকির দায়িত্ব থাকা লাইব্রেরি অফ কংগ্রেস নতুন নিয়মটির পক্ষে বলেই জানিয়েছে বিবিসি। নতুন এই নিয়মের ফলে গাড়ির গ্রাহক ও অভিজ্ঞ বিশ্লেষকরা চাইলে নিজেরাই গাড়ির সফটওয়্যার পরীক্ষা ও পরিবর্তন করতে পারবেন।

তবে বিভিন্ন গাড়ি উৎপাদক প্রতিষ্ঠান, এমনকি জেনারেল মোটর্স (জিএম) এবং ডিয়ার’ও নতুন এই নিয়মটির বিপক্ষে কথা বলেছে। এক বিবৃতিতে জিএমের একজন মুখপাত্র জানিয়েছেন, নতুন এই নিয়মটি উদ্ভাবনের নিরাপত্তাকে দুর্বল করবে।

এ ছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে, “স্পর্শকাতর গাড়ির ডেটা সহজেই বিকৃত, পরিবর্তন বা বাজারজাত করা যাবে এবং এই পরিবর্তনগুলো করা হলেও তা শনাক্ত করা সম্ভব হবে না।”

উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কিছু সংখ্যক মার্কিন প্রশাসনিক সংস্থাও নতুন নিয়মটির ব্যাপারে আপত্তি জানিয়েছিল বলেই জানিয়েছে বিবিসি। তবে কোনো আপত্তিই ধোপে টেকে নি।

নতুন নিয়ম করা হলেও, লাইব্রেরি অফ কংগ্রেস জানিয়েছে, বছরখানেকের আগে নিয়মটির সুবিধা ভোগ করতে পারবেন না গাড়ি গ্রাহক ও নিরাপত্তা বিশ্লেষকরা।