টকটক তদন্তে আটক আরেক কিশোর
টকটক হ্যাকের ঘটনায় আরেক কিশোরকে আটক করা হয়েছে। আগেরজনের মতো এবারও তথ্য চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এই কিশোরকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এবারের এই কিশোরকেও ‘কম্পিউটার মিসইউজ অ্যাক্ট’-এর আওতায় আটক করা হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ইউনিট, পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ড সাইবার ক্রাইম আর ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সি যৌথভাবে এই তদন্ত চালাচ্ছে।
সোমবার একই অভিযোগে আরেক কিশোরকে আটক করার পর তাকে আবার জামিনও দেয়া হয়। নভেম্বর মাসের একটি ‘নির্দিষ্ট দিন’ পর্যন্ত ওই কিশোরকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
তদন্তের অংশ হিসেবে লিভারপুলে একটি বাসায় তল্লাশি চালানোর কথাও জানিয়েছে পুলিশ।
সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয় এই টেলিকম প্রতিষ্ঠান। এরপর থেকে ঝুঁকিতে রয়েছে প্রতিষ্ঠানটির ৪০ লাখেরও বেশি গ্রাহক।
হ্যাকিংয়ের পরপর প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের সতর্ক করে। পরে প্রতিষ্ঠানটির প্রধান ডিডো হার্ডিং ভাবনার তুলনায় আক্রমণের মাত্রা ‘কম’ বলে উল্লেখ করেন। কোনো ক্রেডিট কার্ড বা ব্যাংকবিষয়ক তথ্য চুরি হয়নি বলেও দাবি করেন তিনি।
