২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইল ফোকসভাগেন

পরিবেশের জন্য ক্ষতিকারক এমন গ্যাস নির্গমণের বিষয় নিয়ে প্রতারণার প্রেক্ষিতে ক্ষমা চেয়েছে জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেন। বুধবার জাপানে অনুষ্ঠিত টোকিও অটো শোতে এ নিয়ে ক্ষমা চান প্রতিষ্ঠানটির যাত্রীবাহি গাড়ি বিভাগের প্রধান কর্মকর্তা হার্বার্ট ডাইস।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

ক্ষমা চাওয়ার সঙ্গে গ্রাহকদের বিশ্বাস পুনরুদ্ধারের প্রতিজ্ঞা করেন তিনি। আর জাপানে ডিজেলচালিত গাড়ি বের করার বিষয়ে আরও বিলম্ব করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ডাইসের আগের ফোকসভাগেন বুথে এসেছিলেন প্রতিষ্ঠানটির জাপান প্রধান ভেন স্টেইন। তিনি এসে কয়েক সেকেন্ডের জন্য মাথা নিচু করে জাপানি ধারায় ক্ষমা প্রার্থনা করেন। তবে, ডাইস এইভাবে কিছু করেননি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্ষমা চেয়ে ডাইস বলেন, "আমার পুরো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি।"

ডিজেল চালিত গাড়িতে সফটওয়্যার ইনস্টল করে পরিবেশবিষয়ক গ্যাস নির্গমণ পরীক্ষায় প্রতিষ্ঠানটির প্রতারণার সন্ধান পায় যুক্তরাষ্ট্র সরকার। এরপর এ নিয়ে বেশ ভালোই সঙ্কটে পড়ে তারা। এ ঘটনায় লাখ লাখ ডিজেল চালিত গাড়ি ফেরত নেওয়ার সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

ডাইস বলেন, "আমরা আমাদের প্রতিষ্ঠানের উপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে সবকিছুই করছি।" 'উদ্ভাবন, দায়িত্বশীলতা আর স্থায়িত্বের দিকে জোর দিয়ে 'নতুন ও আরও ভালো ফোকসভাগেন বানাতে' প্রতিজ্ঞা করেন তিনি।

অনুষ্ঠানে একটি প্লাগ-ইন হাইব্রিড স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) উন্মোচন করেন স্টেইন আর ডাইস।