২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবের ভিডিও নির্মাতাদের জন্য সুখবর!

নতুন বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন সেবা ‘ইউটিউব রেড’ এর ট্র্যায়াল পিরিয়ডের জন্যও ভিডিও নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:17 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এক মাসের ট্র্যায়াল পিরিয়ডে কোনো পারিশ্রমিক পাবেন কী না, ইউটিউবের জনপ্রিয় ভিডিও নির্মাতারা এই প্রশ্ন তোলার পর এই ঘোষণা দিল সাইট কর্তৃপক্ষ।

নির্মাতাদের ভিডিওর সঙ্গে ইউটিউব দর্শকদের যে বিজ্ঞাপন দেখায় সেটি থেকে একটি অংশ পেয়ে আসছেন ‘ভ্লগার’ হিসেবে পরিচিত ইউটিউব তারকারা। তবে ইউটিউব সম্প্রতি ‘ইউটিউব রেড’ সাবস্ক্রিপশন সেবা চালু করায় শঙ্কিত হয়ে পরেছিলেন তারা।

নতুন এই সাবস্ক্রিপশন সেবায় যুক্তরাষ্ট্রের দর্শকরা মাসিক ফিয়ের বিনিময়ে কোনো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন এবং প্রথম এক মাস ট্র্যায়াল পিরিয়ড হিসেবে কোনো খরচ করতে হবে না তাদের।

ট্র্যায়াল পিরিয়ডে দর্শকদের দেখা ভিডিওগুলোর জন্য নির্মাতারা কোনো আর্থিক সুবিধা পাবেন না বলে প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছিল ইউটিউব। সাইটটির ওই ঘোষণায় ক্ষেপেছিলেন সাইটটির জনপ্রিয় নির্মাতাদের অনেকেই।

নির্মাতাদের চাপের মুখে অবশেষে ওই অবস্থান থেকে সরে এসেছে সাইটটির শীর্ষ কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, “নির্মাতারাই ইউটিউবের মূল জীবনীশক্তি। ইউটিউব রেড এর প্রথম দিনেই আয়ের একটা অংশ তাদের দেব আমরা। এমনকি ৩০ দিনের ট্র্যায়াল পিরিয়ডেও আমাদের নির্মাতারা ততটাই আয় করবেন যতটা ইউটিউব রেড এর অনুপস্থিতিতে করতেন।