২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাঙবে না’ ড্রয়েড টার্বো ২ এর স্ক্রিন!

মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিকমউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজনের সঙ্গে জোট বেঁধে নতুন ‘ড্রয়েড টার্বো ২’ স্মার্টফোন উন্মোচন করেছে মোটোরোলা। প্রতিষ্ঠানটির দাবি, হাত থেকে পরে গেলেও ফাটবে না বা ভাঙবে না ‘ড্রয়েড টার্বো ২’ এর ‘শ্যাটারপ্রুফ স্ক্রিন’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ড্রয়েড স্মার্টফোনটির স্ক্রিনটিতে রয়েছে ৫টি আলাদা আলাদা স্তর। যার প্রতিটি স্তর ডিজাইন করা হয়েছে ‘শক অ্যাবজরভ্যান্ট’ হিসেবে।

শ্যাটারপ্রুফ স্ক্রিন প্রসঙ্গে মোটোরোলা প্রেসিডেন্ট রিক ওস্টারলোহ এক সাক্ষাৎকারে বলেন, “ব্যবহারকারীরা ধরেই নেন যে তাদের স্মার্টফোনের স্ক্রিন যে কোনো সময়েই ভেঙে যেতে পারে। আমাদের উপলব্ধি ছিল, আমরা এটা কোনোভাবেই হতে দিতে পারি না।”

স্মার্টফোনটির কেসিংয়ের তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। আর স্ক্রিনটি সরাসরি কেসিংয়ের উপরই বসানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

স্ক্রিন কয়েক স্তরে তৈরি করা হলেও এর কোনো স্তরেই কাঁচ ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ প্রসঙ্গে ওস্টারলোহ আরও বলেন, “আমরা তিন বছর সময় খরচ করেছি এর গবেষণা ও নির্মাণের পেছনে। এটা খুবই কঠিন কাজ ছিল। প্রয়োজন হয়েছিল সেরা প্রকৌশল ক্ষমতার।”