২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়েইতে আইফোনের সাবেক ডিজাইনার

হুয়াওইয়ের বিরুদ্ধে আইফোনের বিভিন্ন ফিচার আর ডিজাইন নকলের অভিযোগ বেশ পুরানো। এর মধ্যেই আবার এক সাবেক অ্যাপল কর্মীকে সফটওয়্যার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে চীনের প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:07 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভ্যার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের সাবেক ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাবিগেইল সারাহ ব্রডিকে ‘হেড অফ ইন্টারফেইস ডিজাইন’ হিসেবে নিয়োগ দিয়েছে হুয়াওয়েই।

প্রায় এক দশক কাজ করার পর ২০১১ সালে অ্যাপল ছাড়েন ব্রডি। অ্যাপলে কর্মরত অবস্থায় আইওএস ১ ডিজাইনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি।

২০০৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে আইওএস ১ এর সঙ্গে তার সংশ্লিষ্ট হওয়ার বিষয়ে ব্রডি বলেন, “পাঁচতলায় যাওয়ার জন্য হঠাৎ করে ডাক পাই আমি। আমি জানতামই না যে আমি একটা ফোন নিয়ে কাজ করবো। আমাকে শুধু বলা হয়েছিল মাল্টিটাচ ডিভাইসের জন্য একটা ইউজার ইন্টারফেইস তৈরি কর।”

ব্রডি অ্যাপলের ডিজাইন গুরু জনি আইভের মতো না হতে পারেন, তবে তাকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে হুয়াওয়েই যে বিশ্ববাজারের শীর্ষ নির্মাতাদের বিপরীতে লড়তে চাইছে সে বিষয়টি এখন পরিষ্কার বলে জানিয়েছে দ্য ভার্জ।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হল হুয়াওয়েই। বাজারের ৭.৫ শতাংশ আছে চীনের এই প্রতিষ্ঠানটির দখলে। বাজারের ২৩.৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষস্থানে আছে স্যামসাং। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের নিয়ন্ত্রণে আছে ১৩.৫ শতাংশ।

কম দামের স্মার্টফোন দিয়ে বাজারে সাফল্য পেলেও সাম্প্রতিক সময়ে মাঝারি দাম থেকে শুরু করে ব্যয়বহুল স্মার্টফোন নির্মাণের দিকে ঝুঁকেছে প্রতিষ্ঠানটি।