২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল-আসুসের নতুন রাউটার

চলতি বছর অগাস্টে ‘ওয়ানহাব’ রাউটারের ঘোষণা দিয়েছিল ওয়েব জায়ান্ট গুগল। ব্যবহারকারীদের আরও দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে এবার গুগল আর আসুস মিলে আনছে এর পরবর্তী সংস্করণ।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 08:52 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সম্প্রতি ‘ওয়ানহাব’ এর নতুন সংস্করণ নিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে গুগল ও আসুস। আগের রাউটারের চেয়ে নতুনটির দাম ২০ ডলার বাড়িয়ে ২১৯ ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সাইটটি।

নতুন সংস্করণের জন্য বাড়তি দাম কেন? গ্রাহকদের মনে এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কারণ, এতে যোগ করা হয়েছে ‘ওয়েভ কনট্রোল’ নামের নতুন এক ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট কিছু ডিভাইসের ক্ষেত্রে এর উপর দিয়ে হাত নেড়ে ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে পারবেন।

সেই সঙ্গে ‘ওয়ানহাব’ এ যোগ হচ্ছে সফটওয়্যার আপডেট। এই আপডেটের ফলে ডিভাইসটি ঘর বা অবস্থান বুঝে কোন দিকে অ্যান্টেনা ঘুরাতে হবে তা নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।

গ্রাহকদের আরও দ্রুত, নিরাপদ ও সহজে ব্যবহারযোগ্য ওয়াই-ফাই দিতে এই রাউটার আনা হচ্ছে বলে জানিয়েছে গুগল।

দুটি রাউটারই এখন গুগল প্লেতে পাওয়া যাচ্ছে। তবে আসুস আপাতত রাইটারগুলোর জন্য প্রিঅর্ডার নিচ্ছে। নভেম্বরের প্রথম দিকে ডিভাইসগুলো সরবরাহ শুরু করার কথা রয়েছে।